আজ ,

সুনামগঞ্জে আওয়ামী লীগ-ছাত্রলীগের ৬৩ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেফতার ২

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ১৯, ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ণ
সুনামগঞ্জে আওয়ামী লীগ-ছাত্রলীগের ৬৩ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেফতার ২

Oplus_131072

সুনামগঞ্জে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে ঝটিকা মিছিল করে জনমনে আতঙ্ক সৃষ্টি, বিশৃঙ্খলা ও নাশকতার চেষ্টা করার অভিযোগে মামলা করেছে পুলিশ।

 

সুনামগঞ্জ সদর মডেল থানায় করা মামলায় এজাহারনামীয় ৬৩ জনের পাশাপাশি অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করা হয়েছে।

মামলায় নিষিদ্ধ ঘোষিত জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল হুদা মুকুট, সাধারণ সম্পাদক নোমান বখত পলিন, জেলা আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট মো. খায়রুল কবির রুমেন, জেলা ছাত্রলীগের সভাপতি দীপঙ্কর কান্তি দে ও সাধারণ সম্পাদক আশিকুর রহমান রিপনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের আসামি করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার ভিডিও ফুটেজ পর্যালোচনা করে বৃহস্পতিবার অভিযান চালিয়ে মামলার দুই আসামিকে গ্রেফতার করা হয়।

তাঁরা হলেন সুনামগঞ্জ পৌর শহরের বড়পাড়া এলাকার সবুজ মিয়ার ছেলে মাহমুদুল হাসান ফারদিন (২০) এবং পশ্চিম তেঘরিয়ার জুবায়ের আহমদের ছেলে সালেহ আহমদ ফাইয়াজ (২৭)। শুক্রবার তাঁদের আদালতে সোপর্দ করা হলে বিচারক তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৭ সেপ্টেম্বর সকাল সাড়ে ৬টার দিকে সুনামগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম হাজীপাড়ায় সার্কিট হাউসের সামনে সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কে আসামিরা একত্র হন। পরে তাঁরা সরকারের বিরুদ্ধে উসকানিমূলক স্লোগান দিয়ে ঝটিকা মিছিল বের করেন। পুলিশ ঘটনাস্থলে গেলে তাঁরা পালিয়ে যান।

মামলায় উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান পলাশ, জেলা ছাত্রলীগের সহসম্পাদক মেহেদী হাসান সাকিব, সহসভাপতি শামসুল আবেদীন রাজন, অরিন্দম মৈত্র অমিয়, যুগ্ম সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, সহসভাপতি আবু তালহা মিতুল, আতাউল হক সানি, সাবেক সহসভাপতি পাবেল আহমেদ, সুয়েব আহমদ চৌধুরীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের আসামি করা হয়েছে।

এ ছাড়া মামলায় ধর্মপাশা উপজেলা ছাত্রলীগের সভাপতি দেলোয়ার, ফেনারবাক ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নাফিউদ্দুয়া, জেলা আওয়ামী লীগের সদস্য সুব্রত তালুকদার সেতু, জেলা যুবলীগের আহ্বায়ক খায়রুল হুদা চপল, জেলা শ্রমিক লীগের নেতাকর্মী এবং বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদেরও আসামি করা হয়েছে।

সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন, অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। মিছিলে থাকা দুজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হলে বিচারক তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন। অন্য পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।