সিলেট মহানগর বিএনপি পদ প্রদানের এক সপ্তাহের মধ্যে তিন প্রবাসীর উপদেষ্টা পদ স্থগিত করা হয়েছে। পদ স্থগিত হওয়া তিন উপদেষ্টা হচ্ছেন ফয়ছল আহমদ (যুক্তরাজ্য), সাইফুর হারুন (যুক্তরাষ্ট্র) ও মোহাম্মদ হুমায়ূন মিলাদ (যুক্তরাজ্য)।
বৃহস্পতিবার(১৭ সেপ্টোম্বর) সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তিনজনের পদ স্থগিতের কথা জানানো হয়। তবে বিজ্ঞপ্তিতে পদ স্থগিতের কারণ বিস্তারিতভাবে উল্লেখ করা হয়নি।
দলীয় সূত্রে জানা যায়, কয়েক দিন আগে এই তিন প্রবাসীকে মহানগর বিএনপির উপদেষ্টা করা হয়। তাঁদের পদ দেওয়ার বিষয়টি জানাজানি হওয়ার পর দলের বিভিন্ন পর্যায়ে আলোচনা শুরু হয়। কেন্দ্রের অনুমোদন ছাড়া তাঁদের পদ দেওয়া হয়েছে এমন আলোচনা দেখা দেয়। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকে সমালোচনা করেন।
বুধবার সিলেট মহানগর বিএনপির একটি সাংগঠনিক সভায় বিষয়টি ওঠে। সভায় বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছ এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বলে দলীয় সূত্র জানিয়েছে। এর পরদিনই তিন প্রবাসী উপদেষ্টার পদ স্থগিতের সিদ্ধান্ত আসে।
এ ব্যাপারে সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী গণমাধ্যমকে জানিয়েছেন, ওই তিন উপদেষ্টা নিয়োগে যথাযথ সাংগঠনিক বিধিসম্মত প্রক্রিয়া অনুসরণ করা হয়নি। বিধায় তাঁদের পদ স্থগিত করা হয়েছে।