আজ ,

সিলেটে পুলিশি অভিযানে গ্রেফতার ৩৮, চোরাইপণ্য জব্দ

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ১৮, ২০২৬, ০২:১৫ অপরাহ্ণ
সিলেটে পুলিশি অভিযানে গ্রেফতার ৩৮, চোরাইপণ্য জব্দ

ছবিটি এআই দ্বারা তৈরিকৃত।

সিলেট নগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় ৩৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

একই সময়ে ট্রাফিক পুলিশের পৃথক অভিযানে ১২৪টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত ১২টা থেকে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযানগুলো পরিচালনা করে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।

পুলিশ জানায়, গ্রেফতার ৩৮ জনের মধ্যে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, বিনা পরোয়ানায় গ্রেফতার এবং মেট্রোপলিটন অধ্যাদেশে গ্রেফতার ব্যক্তিরা রয়েছেন।

অভিযানকালে পুলিশ বিপুল পরিমাণ পণ্যও উদ্ধার করে। উদ্ধার করা মালামালের মধ্যে রয়েছে ৩ হাজার ২৫০ কেজি ভারতীয় চা-পাতা, ২০০ পিস চকলেট এবং ২০০ পিস সাবান।

অন্যদিকে, মহানগর ট্রাফিক বিভাগও বিভিন্ন এলাকায় অভিযান চালায়। এতে ১২৪টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এর মধ্যে ৫৯টি যানবাহনের বিরুদ্ধে মামলা এবং ৬৫টি যানবাহন আটক করা হয়েছে।

গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা শেষে আদালতে সোপর্দ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

এসএমপি জানিয়েছে, মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।