আজ ,

সিলেটে ২৪ ঘণ্টায় তিন মরদেহ উদ্ধার

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ১৭, ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ণ
সিলেটে ২৪ ঘণ্টায় তিন মরদেহ উদ্ধার

নিহত শাবি ছাত্র দীপাঞ্জন ঘোষ।

সিলেট নগরীর এয়ারপোর্ট থানা এলাকায় ২৪ ঘণ্টার ব্যবধানে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিহতদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, পথচারী এবং একজন রিকশাচালক রয়েছেন।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত থেকে বুধবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা পর্যন্ত সময়ে পৃথক তিনটি ঘটনায় এই প্রাণহানির ঘটেছে।

সর্বশেষ বুধবার বিকেল ৫টার দিকে নগরীর চৌকিদেখি এলাকার ‘ব্রিটানিয়া সুইমিং পুল’-এ পানিতে ডুবে মারা যান শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ছাত্র দীপাঞ্জন ঘোষ। তিনি সিএসই বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এবং সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রতনকান্দি গ্রামের বাসিন্দা। বন্ধুদের সঙ্গে সাঁতার কাটার সময় গভীর পানিতে তলিয়ে গেলে কর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান, তবে পথেই তাঁর মৃত্যু হয়।

এর আগে বুধবার সকাল ৯টার দিকে চৌকিদেখি পয়েন্টে দুটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে পেছনের সিটে থাকা যাত্রী হারিছ আলী (৭৫) গুরুতর আঘাত পান। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত হারিছ আলী গোয়াইনঘাট উপজেলার হাদারপাড়ের বাসিন্দা। দুর্ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

এদিকে মঙ্গলবার রাত ১১টার দিকে। পশ্চিম পীর মহল্লা এলাকার একটি কবরস্থানের গাছ থেকে শিবলু আহমেদ খান (৩৫) নামে এক রিকশাচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি হবিগঞ্জের নবীগঞ্জের কানাইপুর গ্রামের বাসিন্দা। পারিবারিক মনোমালিন্যের জেরে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করছে পুলিশ।

এয়ারপোর্ট থানা পুলিশ জানিয়েছে, পৃথক ঘটনাগুলোতে আইনি প্রক্রিয়া অনুসরণ করে মরদেহগুলোর ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে এবং পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।