আজ ,

সিলেটে মেয়াদোত্তীর্ণ ওষুধ ‘বিক্রি’, ফার্মেসিকে ৩০ হাজার টাকা জরিমানা

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ১৭, ২০২৬, ০৪:১৫ অপরাহ্ণ
সিলেটে মেয়াদোত্তীর্ণ ওষুধ ‘বিক্রি’, ফার্মেসিকে ৩০ হাজার টাকা জরিমানা

জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ মেয়াদোত্তীর্ণ ওষুধ ফ্রিজে সংরক্ষণ করে বিক্রির অপরাধে সিলেটে একটি ফার্মেসিকে আর্থিক জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। নগরীর মিরবক্সটুলা এলাকায় পরিচালিত এই অভিযানে জব্দকৃত মেয়াদোত্তীর্ণ ওষুধগুলো তাৎক্ষণিকভাবে পুড়িয়ে ফেলা হয়।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে সিলেট নগরের মিরবক্সটুলা এলাকার উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল গেইটের বিপরীতে অবস্থিত ‘আল-মদীনা ফার্মেসিতে’ অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অস্বাস্থ্যকর ও আইনবহির্ভূতভাবে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, তল্লাশির সময় ফার্মেসিটির ফ্রিজে প্রচুর পরিমাণে মেয়াদোত্তীর্ণ ওষুধ মজুদ রাখা অবস্থায় পাওয়া যায়। এ সময় উপস্থিত ভোক্তা অধিকার কর্মকর্তাদের বিভিন্ন প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেননি ফার্মেসির দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা। পরবর্তীতে জনস্বার্থে জব্দকৃত সমস্ত মেয়াদোত্তীর্ণ ওষুধ ফার্মেসির সামনেই জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. আরিফ মিয়া। এ সময় সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় সিলেট মহানগর পুলিশের একটি টিম সহযোগিতা প্রদান করে।

অভিযান শেষে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ওষুধের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর তা কার্যকারিতা হারিয়ে বিষে পরিণত হয়, যা মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর। অথচ কিছু অসাধু ব্যবসায়ী অতিরিক্ত মুনাফার লোভে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে এসব বিষাক্ত ওষুধ বিক্রি করে আসছেন।

জনস্বার্থ রক্ষায় এবং সাধারণ মানুষের জীবনযাত্রা নিরাপদ রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মো. আরিফ মিয়া।