আজ ,

বজ্রপাতে হবিগঞ্জে কৃষকের ও সুনামগঞ্জে বালু শ্রমিকের মৃত্যু

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ১৭, ২০২৬, ১২:২৬ অপরাহ্ণ
বজ্রপাতে হবিগঞ্জে কৃষকের ও সুনামগঞ্জে বালু শ্রমিকের মৃত্যু

সিলেট বিভাগে পৃথক বজ্রপাতের ঘটনায় দুই যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে হবিগঞ্জের মাধবপুরে জমিতে কৃষিকাজ করার সময় এবং সুনামগঞ্জের তাহিরপুরে মাটিয়ান হাওরে নৌকায় থাকা অবস্থায় তাঁদের মৃত্যু হয়।

হবিগঞ্জের মাধবপুরে নিহত যুবকের নাম লিটন সরকার (৩৫)। তিনি উপজেলার নোয়াহাটি সুরমা গ্রামের ঠাকুরধন সরকারের ছেলে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে নোয়াহাটি পশ্চিম মাঠে এ ঘটনা ঘটে।

পরিবার ও স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, সকালে কৃষিকাজের জন্য বাড়ি থেকে বের হয়ে নোয়াহাটি পশ্চিম মাঠে যান লিটন। সেখানে কাজ করার সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হয়ে মাঠে পড়ে যান। আশপাশের লোকজন তাঁকে উদ্ধারে এগিয়ে গেলেও ততক্ষণে তাঁর মৃত্যু হয়।

লিটনের মৃত্যুর খবরে পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে। পরিবারের সদস্যরা তাঁর আকস্মিক মৃত্যুতে ভেঙে পড়েছেন।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বজ্রপাতে লিটন সরকারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

অন্যদিকে, সুনামগঞ্জের তাহিরপুরে মাটিয়ান হাওরে বজ্রপাতে মো. শিপু মিয়া (৩৫) নামে আরও এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে হাওরের মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিপু মিয়া উপজেলার বালিজুরী ইউনিয়নের নয়াহাটি গ্রামের আতাবুর রহমানের বড় ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বালুবাহী একটি নৌকা নিয়ে তাহিরপুরের টেকেরঘাট এলাকার উদ্দেশে রওনা হন শিপু। নৌকাটি মাটিয়ান হাওরের মাঝামাঝি এলাকায় পৌঁছালে সকাল ৮টার দিকে বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

শিপুর চাচা এম জি সম্রাট বলেন, এভাবে শিপুর চলে যাওয়া মেনে নেওয়া কঠিন। তাঁর মৃত্যুতে পরিবারের সদস্য ও স্বজনেরা শোকাহত।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ বজ্রপাতে শিপু মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।