আজ ,

মেয়ের জামাইকে মারধরের কারণ জানতে গিয়ে খুন হলেন শ্বশুর

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ১৭, ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ণ
মেয়ের জামাইকে মারধরের কারণ জানতে গিয়ে খুন হলেন শ্বশুর

দক্ষিণ সুরমায় মেয়ের জামাইকে মারধরের প্রতিবাদ করতে গিয়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে নূর ইসলাম (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

বুধবার (৩০ অক্টোবর) বিকেলে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নিহত নূর ইসলাম দক্ষিণ সুরমার ভার্থখলা এলাকার মেস্তরী মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি নূর ইসলামের মেয়ের স্বামী জুয়েলকে মারধর করেন স্থানীয় যুবক শাহীন (২৫)। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ভার্থখলা এলাকায় শাহীনের মুখোমুখি হয়ে জুয়েলকে মারধরের কারণ জানতে চান নূর ইসলাম। এ নিয়ে দুজনের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়।

একপর্যায়ে শাহীন ও তাঁর সহযোগীরা চড়াও হয়ে নূর ইসলামের শরীরে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ওসমানী হাসপাতালে নেওয়া হলে বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

জানা গেছে, অভিযুক্ত শাহীন দক্ষিণ সুরমার মারকাজ পয়েন্ট সংলগ্ন সাধুরবাজার এলাকার একটি কলোনির বাসিন্দা।

এ ব্যাপারে দক্ষিণ সুরমা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মফিজুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে এক জনকে আটক করা হয়েছে এবং প্রধান অভিযুক্ত শাহীনকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।