সিলেটের কানাইঘাটে চোরাচালানবিরোধী অভিযানে ভারতীয় বিভিন্ন পণ্যসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। একই সময়ে পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আরও চার আসামিকে গ্রেফতার করা হয়েছে। সব মিলিয়ে সাতজনকে গ্রেফতারের পর বুধবার (১৬ সেপ্টেম্বর) আদালতে পাঠানো হয়।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেল ৪টার দিকে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলামের নির্দেশনায় এসআই সোহাগ চৌধুরী সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার ৩ নম্বর দিঘীরপাড় পূর্ব ইউনিয়নের সড়কের বাজারস্থ শাহজাহান কমপ্লেক্সের সামনে পাকা সড়কে চেকপোস্ট বসান। এ সময় একটি সিএনজি অটোরিকশায় তল্লাশি চালিয়ে তিনজনকে আটক করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন জকিগঞ্জ পৌরসভার নরসিংহপুর গ্রামের সিরাজুল হকের ছেলে কবীর আহমদ, আব্দুর রহিমের ছেলে হাছান আহমদ এবং কানাইঘাটের খলাছড়া গ্রামের মাসুক আহমদের ছেলে সিএনজি চালক সাবলু।
পুলিশের দাবি, তাদের কাছ থেকে ভারতীয় ১৭০ প্যাকেট পঞ্চগুড়ী, ১৮ প্যাকেট মহাস্নানের দ্বাদশ জল, ৯ প্যাকেট অএটজট ও ৮০ প্যাকেট ফটকাসহ চোরাচালানে ব্যবহৃত সিএনজি অটোরিকশাটি জব্দ করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে গ্রেফতার তিনজনের বিরুদ্ধে মামলা করেছে।
অন্যদিকে, থানা পুলিশের পৃথক অভিযানে তিন বছরের সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামি আশিক উদ্দিন (৩৭) এবং আরও তিন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়। আশিক উদ্দিন উপজেলার সোনাতনপুঞ্জি গ্রামের তাহির আলীর ছেলে।
গ্রেফতার অন্যরা হলেন লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের কালিজুরী গ্রামের আমির আলীর ছেলে সমছুদ্দিন, একই গ্রামের নুর হোসেনের ছেলে শাহিন আহমদ এবং বড়চতুল ইউনিয়নের লখাইগ্রামের মৃত আজই মিয়ার ছেলে মানিক উদ্দিন।