আজ ,

সিলেটে রেড ক্রিসেন্টের নাম ভাঙিয়ে ত্রাণ সহায়তার নামে প্রতারণা, সতর্ক থাকার আহবান

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত আগস্ট ২৩, ২০২৬, ০৮:২২ অপরাহ্ণ
সিলেটে রেড ক্রিসেন্টের নাম ভাঙিয়ে ত্রাণ সহায়তার নামে প্রতারণা, সতর্ক থাকার আহবান

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, সিলেট ইউনিটের নাম ভাঙিয়ে একটি প্রতারক চক্র সাধারণ মানুষের কাছ থেকে অর্থ ও ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে।

ত্রাণ সহায়তার প্রলোভন দেখিয়ে চক্রটি ফোনে এসব দাবি করছে। এ বিষয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত না হওয়ার এবং সতর্ক থাকার আহ্বান জানিয়েছে রেড ক্রিসেন্ট কর্তৃপক্ষ।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, সিলেট ইউনিটের সেক্রেটারি মাহবুবুল হক চৌধুরী তাঁর ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টের মাধ্যমে সবাইকে এ বিষয়ে সতর্ক থাকার আহবান জানান।

ত্রাণ কার্যক্রমসহ যে কোনো তথ্য জানতে ০১৭১১৩২৫৫৭৭ মোবাইল নাম্বারে যোগাযোগ করতে সিলেট ইউনিটের সেক্রেটারি মাহবুবুল হক চৌধুরী অনুরোধ করেছেন।

জানা যায়, সম্প্রতি একটি প্রতারক চক্র বিভিন্ন ব্যক্তিকে ফোন করে নিজেদের রেড ক্রিসেন্টের প্রতিনিধি হিসেবে পরিচয় দিচ্ছে।
এরপর তারা ত্রাণ সহায়তার কথা বলে মানুষের কাছে টাকা, মোবাইলে আসা ওটিপি (OTP), ব্যাংক অ্যাকাউন্ট, বিকাশ/নগদের পিন নম্বর এবং অন্যান্য ব্যক্তিগত তথ্য দাবি করছে।
এ বিষয়ে রেড ক্রিসেন্ট সোসাইটি, সিলেট ইউনিট স্পষ্টভাবে জানিয়েছে যে, বর্তমানে তাদের কোনো ধরনের ত্রাণ সহায়তা কার্যক্রম চলমান নেই। তাই ত্রাণ দেওয়ার নামে কারও কাছে অর্থ বা তথ্য চাওয়ার বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও প্রতারণামূলক।
কর্তৃপক্ষ আরও জানায়, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির একটি নির্দিষ্ট নিয়ম রয়েছে। ভবিষ্যতে যদি কোনো ত্রাণ বা সহায়তা কার্যক্রম পরিচালিত হয়, তবে তা অনুমোদিত স্বেচ্ছাসেবকদের মাধ্যমে সরাসরি উপকারভোগীদের কাছে পৌঁছে দেওয়া হবে। এর জন্য ফোনে কোনো ধরনের অর্থ বা ব্যক্তিগত তথ্য চাওয়া হয় না।