মৌলভীবাজারের শ্রীমঙ্গল রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে প্রায় তিন কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও প্রসাধনী জব্দ করা হয়েছে।
রোববার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ৪৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ এ কথা জানান।
তিনি বলেন, গোপনে অবৈধ ভারতীয় পণ্য পাচারের তথ্য পেয়ে শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি), হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি), র্যাব ও জেলা প্রশাসনের সমন্বয়ে গঠিত যৌথ টাস্কফোর্সে এ অভিযান পরিচালনা করে।
অভিযানে নেতৃত্ব দেন শ্রীমঙ্গল ব্যাটালিয়ন ৪৬ বিজিবির উপ-অধিনায়ক মেজর মাহবুবুল হক। এ সময় জেলা প্রশাসনের পক্ষে শ্রীমঙ্গলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিনহাজুল ইসলাম উপস্থিত ছিলেন।
মেজর মাহবুবুল হক বলেন, “গোপন সংবাদে যৌথভাবে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ শাড়ি ও কসমেটিকস জব্দ করা হয়েছে।
“চোরাচালান প্রতিরোধ ও সীমান্ত দিয়ে অবৈধ পণ্য প্রবেশ বন্ধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
বিজিবি জানায়, অবৈধভাবে আমদানি ও পাচারের উদ্দেশ্যে পরিবহন করা এসব পণ্য আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে জব্দ করা হয়েছে। জব্দ করা মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিনহাজুল ইসলাম বলেন, “আইনগত প্রক্রিয়া অনুসরণ করে যৌথভাবে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে।
“চোরাচালান ও অবৈধভাবে আমদানি করা পণ্যের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।”
সীমান্ত নিরাপত্তা নিশ্চিত, চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ পণ্য প্রবেশ রোধে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হচ্ছে বলেও জানিয়েছে বিজিবি।
একই সঙ্গে চোরাচালান প্রতিরোধে সীমান্তবর্তী এলাকার জনগণের সহযোগিতা ও সামাজিক সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়েছে।