আজ ,

বালাগঞ্জে টানা ৪০ দিন জামাতে নামাজ আদায় করে পুরস্কার পেল ৩২ শিশু-কিশোর

এম এ কাদির, বালাগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত আগস্ট ৩, ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ণ
বালাগঞ্জে টানা ৪০ দিন জামাতে নামাজ আদায় করে পুরস্কার পেল ৩২ শিশু-কিশোর

বালাগঞ্জে শিশু-কিশোরদের মসজিদমুখী করা এবং নিয়মিত জামাতের সঙ্গে নামাজ আদায়ে উৎসাহিত করতে ব্যতিক্রমধর্মী উদ্যোগ নিয়েছেন সৌদি আরবের রিয়াদস্থ সিলেট বিভাগ প্রবাসী পরিষদের সভাপতি, শিক্ষানুরাগী আবদুল আজিজ মাসুক।

তিনি ব্যক্তিগত উদ্যোগে উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের খাঁপুর উত্তর পাড়া জামে মসজিদে টানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত জামাতের সঙ্গে নামাজ আদায়কারী ৩২ জন শিশু-কিশোরেরমধ্যে নগদ অর্থ ও উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে প্রায় দুই লাখ টাকার পুরস্কার প্রদান করা হয়।

রোববার জোহরের নামাজের পর খাঁপুর উত্তর পাড়া জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সমাজকর্মী ও শিক্ষানুরাগী আবদুল আজিজ মাসুক।

পুরস্কারের মধ্যে প্রথম স্থান অর্জনকারী ১৪ জন শিশু-কিশোরকে প্রতিজন ১০ হাজার টাকা করে নগদ অর্থ প্রদান করা হয়। দ্বিতীয় স্থান অর্জনকারী ৭ জনকে প্রতিজন ৪ হাজার টাকা করে পুরস্কৃত করা হয়। এছাড়া অংশগ্রহণকারী অন্যান্য শিশু-কিশোরদের
উৎসাহ দিতে তাদের প্রত্যেককে কলম উপহার দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ শিশুদের ধর্মীয় শিক্ষায় উদ্বুদ্ধ করার এমন ব্যতিক্রমী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, বর্তমান সময়ে শিশু-কিশোরদের মোবাইল ও বিভিন্ন নেতিবাচক আসক্তি থেকে দূরে রেখে মসজিদমুখী করতে এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে এবং তাদের নৈতিক ও ধর্মীয় মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ সময় বক্তব্যে আবদুল আজিজ মাসুক বলেন, শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। ছোটবেলা থেকেই তাদের ধর্মীয় অনুশাসন, নৈতিক শিক্ষা ও জামাতের সঙ্গে নামাজ আদায়ে অভ্যস্ত করে তুলতে পারলে তারা আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠবে। ভবিষ্যতেও এ ধরনের উৎসাহমূলক কার্যক্রম অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে স্থানীয় মুরব্বি, মুসল্লি, অভিভাবক ও এলাকার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শিশু-কিশোরদের উৎসাহ-উদ্দীপনা এবং অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।