আজ ,

মৌলভীবাজারে গণটিকা কার্যক্রম শুরু

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত আগস্ট ৭, ২০২১, ০১:২৩ অপরাহ্ণ
মৌলভীবাজারে গণটিকা কার্যক্রম শুরু

মৌলভীবাজারে শুরু হয়েছে গণটিকা কার্যক্রম। আজ শনিবার (০৭ আগস্ট) সকালে জেলার সকল ইউনিয়ন ও পৌরসভার ১১২টি কেন্দ্রে একযোগে চলবে এই টিকা প্রদান কার্যক্রম।

মৌলভীবাজার সদরে এ গণটিকা কার্যক্রম উদ্বোধন করেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।

মৌলভীবাজার পৌরসভার উদ্যোগে ও সিভিল সার্জন অফিসের সহযোগীতায় শনিবার সকালে পৌর এলাকার ১ নং ওয়ার্ডে শাহ মোস্তফা কলেজ কেন্দ্রে মেয়র ফজলুর রহমানের সভাপতিত্বে এ কার্যক্রমের উদ্বোধন করেন নেছার আহমদ এমপি। সকাল থেকেই টিকা নিতে কেন্দ্রে আসছেন সাধারণ মানুষ। এর মধ্যে বয়স্ক নারী-পুরুষের সংখ্যাই বেশি।

এসময় গণটিকা কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) মুহিবুর রহমান, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ।

সিভিল সার্জন ডাক্তার চৌধুরী জালাল উদ্দিন মোর্শেদ জানান, সকল মানুষকে টিকার আওতায় আনতে জেলার ৬৭টি ইউনিয়নে ১ টি করে কেন্দ্র ও ৩টি বুথ রয়েছে। আর ৫টি পৌরসভার ৯টি ওয়ার্ডে ১ টি করে কেন্দ্র আর ২টি বুথ আছে। গণটিকা কার্যক্রমে স্পট রেজিষ্ট্রেশন করা যাবে। আজ জেলায় ৪৯ হাজার ২শ জনকে সিনোফার্মের টিকা দেয়া হবে। এছাড়াও সদর এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা প্রদান কার্যক্রম অব্যাহত আছে। জেলায় ৬ আগস্ট পর্যন্ত ৬২ হাজার ৫৭০ জনকে সিনোফার্মের টিকা দেয়া হয়েছে।