আজ ,

১০টি ইউনিয়নে জনকল্যাণ ফাউন্ডেশন জকিগঞ্জের রমজান ফুডপ্যাক বিতরণ

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত এপ্রিল ৭, ২০২১, ০৮:১৭ অপরাহ্ণ
১০টি ইউনিয়নে জনকল্যাণ ফাউন্ডেশন জকিগঞ্জের রমজান ফুডপ্যাক বিতরণ

মানবতার কল্যাণে নিবেদিত প্রবাসে অবস্থানরত সীমান্তবর্তী এলাকা জকিগঞ্জবাসীর সংগঠন জনকল্যাণ ফাউন্ডেশন জকিগঞ্জ আসন্ন মাহে রমজান উপলক্ষে ১০টি ইউনিয়নে রমজান ফুডপ্যাক বিতরণ করেছে।

বুধবার (০৭ এপ্রিল) ২শ’ দ্বীনদার দরিদ্র পরিবারের মাঝে এই রমজান ফুডপ্যাক বিতরণ সম্পন্ন করা হয়েছে।

লন্ডন প্রবাসী বিশিষ্ট সমাজসেবী ক্বারী মাওলানা আব্দুল হাফিজকে সভাপতি এবং আন্তর্জাতিক মিডিয়া ব্যক্তিত্ব মুফতি আব্দুল মুনতাকিমকে সেক্রেটারী জেনারেল করে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত জকিগঞ্জের প্রায় ২০০ জন প্রবাসীর সমন্বয়ে জনসেবামূলক প্রবাসী সংগঠন জনকল্যাণ ফাউন্ডেশন জকিগঞ্জ’র অর্থায়নে উপজেলার পৌরসভাসহ ১০ টি ইউনিয়নে আসন্ন রমজান উপলক্ষ্যে বিশেষ ফুডপ্যাক বিতরণ করা হয়।

২০ কেজি চাল, ৫ কেজি আলু, ৩ কেজি পেয়াজ, তিন লিটার তেল, ২ কেজি চানা, দেড় কেজি মশারী ডাল, ১ কেজি ময়দা, ১ কেজি চিনি, ১ কেজি লবন ও এক প্যাকেট সেমাই ছিল এই রমজান ফুডপ্যাকে।

এছাড়া উপজেলার প্রায় শতাধিক অভাবী আলেম পরিবারের প্রত্যেককে বিশেষ সম্মাননা স্বরুপ প্রায় ২ হাজার টাকারও বেশী মূল্যের উন্নতমানের খাদ্যসামগ্রি উপহার প্রদান করা হয়।

সংগঠনের অন্যতম সহযোগি সদস্য জমিয়তে উলামায়ে ইসলাম জকিগঞ্জ উপজেলার সভাপতি মাওলানা জাওয়াদুর রহমান, সহ সভাপতি মাওলানা ফারুক আহমদ, সেক্রেটারী জেনারেল মুফতি মাহমুদ হুসাইন, জয়েন সেক্রেটারী মাওলানা শিব্বির আহমদ, যুবনেতা মাওলানা আব্দুস সালাম আজাদ ও মাওলানা হুসাইন আহমদ প্রমুখদের নেতৃত্বে প্রত্যেক ইউনিয়নে সংগঠনের স্বেচ্ছাসেবক সদস্য বা মাঠকর্মী হিসেবে বিশেষ প্রতিনিধি নিয়োগের মাধ্যমে উল্লেখিত ফুডপ্যাক সামগ্রী তালিকাভুক্ত উলামায়ে কেরামের হাতে হাতে কোন রকমের ফটোসেশন ছাড়াই পৌঁছিয়ে দেয়ার বিশেষ ব্যবস্থাপনা করা হয়।