সিলেট মহানগর বিএনপির সভাপতির পদে পুনর্বহাল করা হয়েছে নাসিম হোসাইনকে। দলের হাইকমান্ডের নির্দেশে তাকে পুনরায় এই পদে দায়িত্ব প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, এর আগে ২০২৪ সালের ৪ নভেম্বর সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি রেজাউল হাসান কয়েস লোদীকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছিল। কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে নাসিম হোসাইনকে পুনরায় সিলেট মহানগর বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
চিঠিতে নাসিম হোসাইনকে সিলেট মহানগর বিএনপিকে শক্তিশালী ও সুসংগঠিত করতে সদা তৎপর থাকার আহ্বান জানানো হয়।
উক্তপত্রের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিএনপির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছ, সহ-সাংগঠনিক সম্পাদক কলিমউদ্দিন আহমেদ মিলন ও মিফতাহ সিদ্দিকী এবং সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইমদাদ হোসেন চৌধুরীকে প্রদান করা হয়েছে।
পুনরায় মূল দায়িত্ব ফিরে পাওয়ায় সিলেট মহানগর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে নতুন করে সাংগঠনিক চাঞ্চল্য তৈরি হয়েছে।