আজ ,

জগন্নাথপুরে পানির স্রোতে সড়ক ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত জুলাই ১১, ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ণ
জগন্নাথপুরে পানির স্রোতে সড়ক ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন

সুনামগঞ্জের জগন্নাথপুরে কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। প্রবল বেগের স্রোতে সড়ক ভেঙে বিচ্ছিন্ন হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা।

শনিবার বিকেলে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের রাণীগঞ্জ-রৗয়াইল সড়কের বালিশ্রী আফতাব আলী প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কটি ভেঙে এলাকার সরাসরি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এতে ভোগান্তিতে পড়ছেন হাজার হাজার মানুষ।

জানা গেছে, গত কয়েকদিনের টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কুশিয়ার নদীর পানি অস্বাভাবিক ভাবে বৃদ্ধি পায়। এতে পানির তোড়ে সড়কটি ভেঙে যায়। সড়ক ভেঙ্গে রানীগঞ্জ ইউনিয়নের বালিশ্রী, রৌয়াইল, হিলালপুর, টেংরাখালি,মেঘেরকান্দি ও হরিনাকান্দি,হলিমপুর,ইসলামপুরসহ আশপাশের গ্রামের হাজার হাজার মানুষের একমাত্র যাতায়াতের মাধ্যম সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ভোগান্তিতে পড়েছেন অত্র অঞ্চলের কয়েক হাজার মানুষ।

বালিশ্রী গ্রামের বাসিন্দা উমর উল্যাহ এন্ড মালা ফাউন্ডেশনের পরিচালক আশরাফুল হক বলেন, সড়কটি ভেঙে যাওয়ায় আমাদের এলাকার মানুষের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এ সড়ক ব্যবহার করে আমাদেরকে উপজেলা সদরসহ দেশের বিভিন্ন স্থানে যাতায়াতের করতে হয়। সড়কটি ভেঙে যাওয়ায় স্কুল-কলেজের শিক্ষার্থীরাসহ আমাদের এলাকার কয়েক হাজার মানুষ চরম বিপাকে পড়েছেন। সড়কটি দ্রুত সময়ের মধ্যে মেরামতের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাবী জানাই।

সমাজসেবক মোঃ আলতাউর রহমান, মোঃ জিয়াউল হক, মোঃ মন্নান মিয়া জানান, সড়কটি ভেঙে যাওয়ায় আমরা চরম দুর্ভোগে পড়েছি। আমরা জরুরী প্রয়োজনে উপজেলা সদর বা জেলা সদরসহ দেশের যে কোন স্থানে সড়ক পথে যাতায়াত করতে হলে পাশবর্তী হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলা হয়ে যাতায়াত করতে হবে। এতে অর্থ এবং সময় উভয়ের অপচয় হবে।

এ ব্যাপারে জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সোহরাব হোসেন বলেন, জরুরী ভিত্তিতে জিও ব্যাগ ব্যবহার করে সড়কটি যাতায়াতের উপযোগী করা হবে।
রিয়াজ রহমান