আজ ,

স্বাস্থ্যসেবা অনুদানে ১৩ সিটির মধ্যে সর্বনিম্ন বরাদ্দ পেল সিলেট

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ১৭, ২০২৬, ১২:২০ পূর্বাহ্ণ
স্বাস্থ্যসেবা অনুদানে ১৩ সিটির মধ্যে সর্বনিম্ন বরাদ্দ পেল সিলেট

নগরবাসীর দোরগোড়ায় প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকারের ২০ কোটি টাকার তহবিল গঠন হলেও সিলেটে বরাদ্দের চিত্রটি হতাশাজনক। দেশের বড় সিটি করপোরেশনগুলোর তুলনায় সিলেটবাসীর ভাগে জোটেনি প্রাপ্য অর্থের সামান্য অংশও।

অন্য সব সিটিকে পেছনে ফেলে সর্বোচ্চ সাড়ে ৪ কোটি টাকা বাগিয়ে নিয়েছে ঢাকা উত্তর, আর তালিকার একবারে তলানিতে থেকে সিলেট সিটি করপোরেশন পেয়েছে মাত্র ৩২ লাখ টাকা।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের নগর উন্নয়ন-১ শাখা থেকে গত ১৩ সেপ্টেম্বর এ-সংক্রান্ত আদেশ জারি করা হয়।

আদেশ অনুযায়ী, স্থানীয় সরকার বিভাগের পরিচালন বাজেট থেকে প্রাথমিক স্বাস্থ্যসেবা সহায়তা হিসেবে এ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। এতে আরবান প্রাথমিক স্বাস্থ্যসেবার জন্য প্রতিশ্রুত ২৫ শতাংশ অর্থও প্রযোজ্য ক্ষেত্রে অন্তর্ভুক্ত রয়েছে।

বরাদ্দের হিসাবে সবচেয়ে বেশি অর্থ পেয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন—৪ কোটি ৫০ লাখ টাকা। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন পেয়েছে ৪ কোটি ৩৯ লাখ টাকা। গাজীপুর সিটি করপোরেশনের জন্য ২ কোটি ২৮ লাখ এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের জন্য ২ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

এ ছাড়া বগুড়া সিটি করপোরেশন ১ কোটি ৭৫ লাখ, রাজশাহী ১ কোটি ২ লাখ, নারায়ণগঞ্জ ৭৩ লাখ, বরিশাল ৭২ লাখ, ময়মনসিংহ ৬৫ লাখ, খুলনা ৬০ লাখ, কুমিল্লা ৫২ লাখ এবং রংপুর সিটি করপোরেশন ৫২ লাখ টাকা পেয়েছে।

অন্যদিকে, সিলেট সিটি করপোরেশনের জন্য বরাদ্দ হয়েছে ৩২ লাখ টাকা। তালিকায় এটি সর্বনিম্ন বরাদ্দ। সর্বোচ্চ বরাদ্দ পাওয়া ঢাকা উত্তর সিটি করপোরেশনের তুলনায় সিলেটের বরাদ্দ ৪ কোটি ১৮ লাখ টাকা কম।

আদেশে বরাদ্দকৃত অর্থ ব্যয়ের ক্ষেত্রে প্রচলিত আর্থিক বিধি-বিধান যথাযথভাবে অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী অর্থ বিভাজনের সময় সংশ্লিষ্ট সিজিএ ও সিএও কার্যালয়ের সঙ্গে সমন্বয় করে চলতি অর্থবছরের ব্যয় বিবরণী দাখিল করতে বলা হয়েছে।

এ ছাড়া বরাদ্দের অর্থ ব্যয়ে কোনো অনিয়ম হলে সংশ্লিষ্ট বিল উত্তোলনকারী কর্তৃপক্ষকে দায়ী থাকতে হবে বলেও আদেশে উল্লেখ করা হয়েছে।