আজ ,

সিলেট ও সুনামগঞ্জে র‌্যাবের সাড়াশি অভিযানে আটক ১২

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত জুলাই ২৭, ২০২৬, ০৪:২৭ অপরাহ্ণ
সিলেট ও সুনামগঞ্জে র‌্যাবের সাড়াশি অভিযানে আটক ১২

সিলেট ও সুনামগঞ্জে র‌্যাবের পৃথক সাড়াশি অভিযানে অনলাইন জুয়া, মাদক কারবারি এবং হত্যা মামলার সঙ্গে জড়িত মোট ১২ জনকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (২৫ জুলাই) সন্ধ্যা থেকে রোববার (২৬ জুলাই) রাত ৯টা পর্যন্ত সিলেট নগরীর শাহপরাণ, দক্ষিণ সুরমা এবং সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউপির পাগলা বাজারের পরিচালিত এসব অভিযানে তাদের আটক করা হয়। এসময় গ্রেফতারকৃতদের কাছ থেকে জুয়া খেলার বিভিন্ন আলামত, মোবাইলফোন, বিপুল পরিমাণ ইয়াবা বড়ি ও গাঁজা উদ্ধার করা হয়েছে।

শাহপরাণ এলাকায় অভিযানে অনলাইন জুয়ার আসর থেকে ৪ জন গ্রেফতার করা হয়েছে। র‌্যাব-৯ জানায়, শনিবার সন্ধ্যায় সদর কোম্পানির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সিলেট নগরীর ৩৩ নম্বর ওয়ার্ডের খাদিম চৌমুহনী পয়েন্ট এলাকায় অভিযান চালায়। এ সময় অনলাইন জুয়া পরিচালনাকারী একটি চক্রের চার সদস্যকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন, বিমানবন্দর থানার খাদিম চা বাগান এলাকার দীপ্ত চাষা (২১), অজয় কল (২৬), পাপলু তন্তবায় (২৬) এবং অন্তর নায়েক (২০)।

র‌্যাব জানায়, তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন অনলাইন জুয়ার অ্যাপ ব্যবহার করে জুয়ার কার্যক্রম পরিচালনা করে আসছিল। তাদের কাছ থেকে উদ্ধার করা চারটি স্মার্টফোনে জুয়া খেলার বিপুল আলামত পাওয়া গেছে। এ ঘটনায় জুয়া প্রতিরোধ আইন, ২০২৬ অনুযায়ী মামলা দায়ের করে তাদের শাহপরাণ থানায় হস্তান্তর করা হয়েছে।ঘবংি

নগরীর দক্ষিণ সুরমার ভার্থখলা এলাকায় অভিযান পরিচালনা করে ইয়াবা বড়ি ও গাঁজাসহ ৩জন মাদক কারবারি আটক করা হয়। শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে র‌্যাব-৯-এর আরেকটি দল দক্ষিণ সুরমার ভার্থখলা মসজিদ মার্কেটের পেছনে নদীর তীর এলাকায় অভিযান চালায়। এ সময় ২৯০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১.৫৫ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন, দক্ষিণ সুরমার ভার্থখলা এলাকার মো. আকবর হোসেন (৩৮), হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মো. মোতালিব মিয়া (২২) এবং ময়মনসিংহের ভালুকা উপজেলার মো. সাহিন (৩০)।

এদিকে রোববার রাত ৯টার দিকে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউপির পাগলা বাজারের পিকআপ স্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে অনলাইন জুয়া চক্রের তিনজন সদস্যকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ থানার শত্রুমর্দন এলাকার মৃত সাধু মিয়ার ছেলে বাদশা মিয়া (৩৮), রায়পুর এলাকার মৃত ফজর আলীর ছেলে জলিল আহমেদ উরফে আব্দুল জলিল (২৯) এবং শত্রুমর্দন এলাকার মৃত নূর মিয়ার ছেলে মো. বিল্লাল হোসেন (২৬)।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯) অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া ) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, ‘পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইন, ২০২৬ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক গ্রেফতারকৃত ব্যক্তিগণ ও জব্দকৃত আলামত সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে র‌্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত রয়েছে।’