আজ ,

সিলেটে হাম রোগীর সংখ্যা সাড়ে ৫শ’ ছুঁইছুঁই

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ১৭, ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ণ
সিলেটে হাম রোগীর সংখ্যা সাড়ে ৫শ’ ছুঁইছুঁই

ফাইল ফটো

মৃত্যুহীন একদিন পার করল সিলেট। হাম কিংবা হাম উপসর্গে গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে একই সময়ে হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৫৭ জন রোগী।

এ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সংখ্যা সাড়ে ৫শ’ ছুঁইছুঁই। ফলে সিলেটজুড়ে হামের প্রকোপ দিন দিন উদ্বেগের কারণ হয়ে দাঁড়াচ্ছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের দৈনিক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে চিকিৎসাধীন ৫৬৪ জনের মধ্যে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ২০০ জন এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১৯৮ জন ভর্তি রয়েছেন। এছাড়া রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১৪ জন, নর্থ ইস্ট হাসপাতালে ১৫ জন এবং পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে ৩২ জন চিকিৎসাধীন।

সিলেট জেলার বাইরে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৩৭ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ২৭ জন এবং হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঁচজন ভর্তি রয়েছেন। পাশাপাশি বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া ১৫৭ জনের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৮০ জন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪২ জন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ছয়জন, নর্থ ইস্ট হাসপাতালে চারজন এবং পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে চারজন রয়েছেন।

এছাড়া ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছয়জন, কোম্পানীগঞ্জে দুজন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১৩ জন রোগী নতুন করে ভর্তি হয়েছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সন্দেহভাজন হামে আক্রান্ত হয়ে কোনো রোগীর মৃত্যু হয়নি। একই সময়ে নতুন করে নিশ্চিত রোগীও শনাক্ত হয়নি।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত সিলেট বিভাগে নিশ্চিত হামে আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ৪৪ জন। এর মধ্যে সিলেট জেলায় ৩৭৬ জন, হবিগঞ্জে ১৫৩ জন, মৌলভীবাজারে ১৫৮ জন এবং সুনামগঞ্জে ৩৫৭ জন রয়েছেন।

স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, এ পর্যন্ত সন্দেহভাজন ও নিশ্চিত হামে আক্রান্ত হয়ে সিলেট বিভাগে মোট ১৬৮ জনের মৃত্যু হয়েছে।