আজ ,

সিলেটে রেলস্টেশন থেকে আরএনবির দুই সদস্য আটক

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ৯, ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ণ
সিলেটে রেলস্টেশন থেকে আরএনবির দুই সদস্য আটক

সিলেট রেলওয়ে স্টেশনে দীর্ঘদিন ধরে চলে আসা ট্রেনের টিকিট কালোবাজারি চক্রের মূল উৎপাটনে জেলা প্রশাসনের একটি বিশেষ মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়েছে। অত্যন্ত চাঞ্চল্যকর এই অভিযানে সাধারণ মানুষের টিকিট নিশ্চিত করতে গিয়ে খোদ রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) দুই সদস্যকে কালোবাজারির সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটক করা হয়েছে।

মঙ্গলবার রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত সিলেট রেলস্টেশনের বিভিন্ন কাউন্টার ও সংলগ্ন এলাকায় এই ঝটিকা অভিযান চালানো হয়।

অভিযান সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি সিন্ডিকেট স্টেশনের ভেতরে নানা অনিয়মের মাধ্যমে ট্রেনের টিকিট কালোবাজারি করে আসছিল। মঙ্গলবারের অভিযানে সেই চক্রের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর দুই সদস্যকে আটক করা হয়। তবে তদন্তের স্বার্থে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি এবং তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কী ধরনের আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, সে বিষয়েও বিস্তারিত কিছু জানানো হয়নি।

কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের নিরাপদ ভ্রমণ ও নির্ধারিত মূল্যে সহজে টিকিট প্রাপ্তি নিশ্চিত করতে এ ধরনের কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে। আটক দুই আরএনবি সদস্যের বিষয়ে বর্তমানে অভ্যন্তরীণ তদন্ত চলছে এবং তদন্ত প্রক্রিয়া শেষ হলে এ বিষয়ে বিস্তারিত গণমাধ্যমকে জানানো হবে।