সিলেট ও ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুসংহত করতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে একটি বিশেষ উদ্যোগ নিয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৯)। সংস্থাটির আওতাধীন পাঁচ জেলায় হারানো বা অবৈধভাবে লুকিয়ে রাখা সরকারি অস্ত্র ও গোলাবারুদের সন্ধানদাতা বা তথ্যদাতাদের জন্য সর্বোচ্চ দুই লাখ টাকা পর্যন্ত আর্থিক পুরস্কারের ঘোষণা দেওয়া হয়েছে। একইসঙ্গে তথ্যদাতার পূর্ণ গোপনীয়তা বজায় রাখারও নিশ্চয়তা দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় হারানো সরকারি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে জনসাধারণকে এগিয়ে আসার জোড়ালো আহ্বান জানিয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৯)। সঠিক তথ্য দিয়ে রাইফেল, এসএমজি, এলএমজি ও মেশিনগান উদ্ধারে সহায়তা করলে এই সর্বোচ্চ পুরস্কার প্রদান করা হবে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) এসআরবি-৯-এর অফিশিয়াল সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা জানানো হয়।
আগামী ১৫ নভেম্বর ২০২৬ পর্যন্ত উল্লেখিত ৫ জেলার যেকোনো স্থান থেকে হারানো অস্ত্র ও গোলাবারুদ সম্পর্কিত তথ্য দেওয়া যাবে। নির্ধারিত এই সময়সীমার মধ্যে তথ্য প্রদানকারীদের বিরুদ্ধে কোনো ধরনের আইনি পদক্ষেপ নেওয়া হবে না বলে আশ্বস্ত করেছে কর্তৃপক্ষ।
অস্ত্রের ধরন অনুযায়ী পুরস্কারের পরিমাণ নির্ধারণ করা হয়েছে। রাইফেল, এসএমজি, এলএমজি ও মেশিনগানের ক্ষেত্রে পুরস্কার ২ লাখ টাকা। শটগান, পিস্তল ও গ্যাসগানের ক্ষেত্রে ৫০ হাজার টাকা। সাউন্ড গ্রেনেড ও টিয়ার সেলের জন্য ১ হাজার ৫০০ টাকা এবং সব ধরনের গোলাবারুদের ক্ষেত্রে প্রতি রাউন্ডের জন্য ৫০ টাকা দেওয়া হবে।
এসআরবি-৯ জানিয়েছে, তথ্য যাচাই-বাছাই সাপেক্ষে সম্পূর্ণ গোপনীয়তার সঙ্গে এই পুরস্কারের অর্থ প্রদান করা হবে।
এ বিষয়ে এসআরবি-৯ সিলেটের অধিনায়ক উইং কমান্ডার তাজমিনুর রহমান চৌধুরী বলেন, ‘সরকারি অস্ত্র ও গোলাবারুদ জননিরাপত্তার জন্য অত্যন্ত সংবেদনশীল। এসব অস্ত্র যাতে কোনো দুষ্কৃতকারী বা অপরাধীদের হাতে গিয়ে সাধারণ মানুষের জীবন ঝুঁকিতে ফেলতে না পারে, সেজন্য জনসাধারণের সম্মিলিত সহযোগিতা অত্যন্ত জরুরি।’
তিনি আরও বলেন, ‘আমরা বিশ্বাস করি, সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে সাধারণ মানুষ এই কার্যক্রমে অংশ নেবেন। একটি সঠিক ও সময়োপযোগী তথ্য বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি এড়াতে কার্যকর ভূমিকা রাখতে পারে।’
যেভাবে তথ্য জানাবেন:
নিরাপদ ও নির্বিঘ্নে তথ্য দেওয়ার জন্য এসআরবি-৯-এর পক্ষ থেকে নির্দিষ্ট কন্ট্রোল রুমের ব্যবস্থা করা হয়েছে। যে কেউ চাইলে হোয়াটসঅ্যাপ, ইমো, টেলিগ্রাম কিংবা ভাইবারের মাধ্যমে ০১৭৭৭-৭১০৯৯৯ নম্বরে যোগাযোগ করতে পারেন। এছাড়া সরাসরি লিগাল অ্যান্ড মিডিয়া অফিসারের ০১৭৭৭-৭১০৯৫৬ নম্বরেও তথ্য দেওয়া যাবে।