হবিগঞ্জে ১১শ কেজি ওজনের ষাঁড় পুষ্পা সবার নজর কাড়ছে। কোরবানি ঈদ উপলক্ষ্যে পশুটি প্রস্তুত করেছেন মাধবপুর উপজেলার আন্দিউড়ার পিওর অ্যান্ড অর্গানিক ডেইরি ফার্মের খামারি মুত্তাকিম চৌধুরী। কয়েকদিনের মধ্যে এটি বিক্রির জন্য হাটে তোলা হবে। ষাঁড়টির দাম হাঁকা হচ্ছে ১০ লাখ টাকা।
খামারি মোত্তাকিম চৌধুরী বলেন, ‘তিন বছর ধরে ষাঁড়টি লালনপালন করছি। আমি নিজেই ষাঁড়টির যত্ন নিই। ১১শ কেজি ওজনের এ ষাঁড়টির ১০ লাখ টাকা দাম প্রত্যাশা করছি।’
তিনি আরও জানান, তার খামারে তিন শতাধিক পশু রয়েছে। ২৫ জন শ্রমিক তাদের পরিচর্যায় কাজ করছেন। এবার ৯০টি পশু কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে। ইতোমধ্যে কয়েকটি পশু তিনি খামারেই বিক্রি করেছেন। প্রতিদিনই জেলার বিভিন্ন এলাকার ক্রেতারা তার খামারে আসছেন।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নুরুল ইসলাম বলেন, ‘এ বছর কোরবানির জন্য প্রায় ৫০ হাজার গবাদিপশু প্রস্তুত করা হয়েছে। এর মধ্যে হবিগঞ্জে চাহিদা রয়েছে ৪৬ হাজার। জেলার চাহিদা মিটিয়ে বাইরেও পশু বিক্রি করা যাবে।’