আজ ,

আগস্টের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৪ কোটি ৮০ লাখ মার্কিন ডলার

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত আগস্ট ২৪, ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ণ
আগস্টের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৪ কোটি ৮০ লাখ মার্কিন ডলার

চলতি আগস্টের প্রথম ২২ দিনে দেশে ২১৪ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। অঙ্কটি বড় হলেও গত তিন মাসের গড় দৈনিক প্রবাহের তুলনায় প্রবাসী আয়ের গতি সামান্য কমেছে।

গত মে, জুন ও জুলাই— তিন মাসে গড়ে প্রতিদিন যে রেমিট্যান্স এসেছে, আগস্টের প্রথম ২২ দিনে তার তুলনায় দৈনিক প্রবাহ প্রায় ১ দশমিক ৫ শতাংশ কম।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী আগস্টের প্রথম ২২ দিনের রেমিট্যান্স পর্যালোচনা করে এ তথ্য পাওয়া গেছে। এর আগে আজ রবিবার কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, ২২ দিনের রেমিট্যান্সের পরিমান  বর্তমান বিনিময় হার ১২৩ টাকা হিসাবে প্রায় ২৬ হাজার ৪২০ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের মাসভিত্তিক তথ্য অনুযায়ী, মে মাসে দেশে ৩৪৪ কোটি ২৫ লাখ ৮০ হাজার ডলার, জুনে ২৮১ কোটি ৯ লাখ ৩০ হাজার ডলার এবং জুলাইয়ে ২৮৫ কোটি ৮৬ লাখ ৮০ হাজার ডলার রেমিট্যান্স এসেছিল। অর্থাৎ তিন মাসে মোট রেমিট্যান্স এসেছে ৯১২ কোটি ২৯ লাখ ডলার। মে, জুন ও জুলাই মিলিয়ে মোট ৯২ দিনে এই অর্থ এসেছে। ফলে দৈনিক গড় দাড়ায় প্রায় ৯ কোটি ৯১ লাখ ডলার।

অন্যদিকে আগস্টের প্রথম ২২ দিনে ২১৪ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। এই সময়ে দৈনিক গড় প্রবাহ দাঁড়িয়েছে প্রায় ৯ কোটি ৭৬ লাখ ডলার। অর্থাৎ মে-জুলাইয়ের দৈনিক গড়ের তুলনায় আগস্টের প্রথম ২২ দিনে প্রতিদিন গড়ে প্রায় ১ কোটি ৫০ লাখ ডলার কম এসেছে। শতাংশের হিসাবে কমেছে প্রায় ১ দশমিক ৫ শতাংশ।

জুলাইয়ের চেয়ে দৈনিক প্রবাহও কম

জুলাই মাসের সঙ্গে তুলনা করলে এ পার্থক্য আরও স্পষ্ট হয়। জুলাইয়ে ৩১ দিনে ২৮৫ কোটি ৮৬ লাখ ৮০ হাজার ডলার রেমিট্যান্স এসেছিল। অর্থাৎ ওই মাসে দৈনিক গড় ছিল প্রায় ৯ কোটি ২২ লাখ ডলার। সে হিসাবে আগস্টের প্রথম ২২ দিনে দৈনিক গড় ৯ কোটি ৭৬ লাখ ডলার, যা জুলাইয়ের দৈনিক গড়ের চেয়ে প্রায় ৫ দশমিক ৯ শতাংশ বেশি। অর্থাৎ তিন মাসের গড়ের তুলনায় আগস্টের প্রবাহ সামান্য কম হলেও জুলাইয়ের তুলনায় দৈনিক রেমিট্যান্স প্রবাহ বেড়েছে।

গত বছরের তুলনায় বড় প্রবৃদ্ধি

 

 

অন্যদিকে বছরের একই সময়ের সঙ্গে তুলনা করলে চিত্রটি বেশ ইতিবাচক। গত বছরের ১ থেকে ২২ আগস্ট দেশে রেমিট্যান্স এসেছিল ১৭১ কোটি ১০ লাখ ডলার। চলতি বছরের একই সময়ে এসেছে ২১৪ কোটি ৮০ লাখ ডলার। ফলে এক বছরের ব্যবধানে প্রবাহ বেড়েছে ৪৩ কোটি ৭০ লাখ ডলার, অর্থাৎ প্রায় ২৫ দশমিক ৫ শতাংশ।

 

 

আগস্টের শুরুতে রেমিট্যান্সের প্রবাহ যে শক্তিশালী ছিল, তার প্রমাণ পাওয়া যায় মাসের প্রথম ১৯ দিনের হিসাবেও। ওই সময়ে ২০৩ কোটি ১০ লাখ ডলার এসেছিল, যা গত বছরের একই সময়ের তুলনায় ২৯ দশমিক ১ শতাংশ বেশি। চলতি অর্থবছরের শুরু থেকেও রেমিট্যান্সে ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে।

বাংলাদেশ ব্যাংকের হিসাবে জুলাই মাসে ২৮৫ কোটি ৮৬ লাখ ৮০ হাজার ডলার এসেছে। সব মিলিয়ে আগস্টের প্রথম ২২ দিনের তথ্য বলছে, রেমিট্যান্সের প্রবাহ গত বছরের তুলনায় শক্তিশালী থাকলেও গত তিন মাসের গড় দৈনিক প্রবাহের তুলনায় সামান্য কমেছে। তবে জুলাইয়ের তুলনায় আগস্টে দৈনিক প্রবাহ বেশি রয়েছে।