সিলেটে ভোটের মাঠ দখল নিয়ে দুই ইউপি সদস্য প্রার্থীর লোকজনের রক্তক্ষয়ী সংঘর্ষে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
ঘটনাটি সিলেট সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নে ঘটেছে। সংঘর্ষে নিহত ব্যক্তির নাম আলাউদ্দিন (৪৫)।
এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও সাতজন।
শনিবার (২৩ অক্টোবর) জালালাবাদ ইউনিয়নের আলীনগর গ্রামে ইউপি সদস্য প্রার্থী গোলাম রব্বানী বতই ও আব্দুল হামিদের লোকজনের মধ্যে এ সংঘর্ষ হয়।
নিহত আলাউদ্দিন ওই গ্রামের গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেল। তিনি মেম্বার প্রার্থী বতই পক্ষের সমর্থক ছিলেন।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, এদিন দুপুরে ভোটের মাঠের আধিপত্য বিস্তার নিয়ে দুই ইউপি সদস্য পদ প্রার্থীর পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এতে প্রতিপক্ষ ইউপি সদস্য প্রার্থী হামিদ পক্ষের লোকজন ধারালো অস্ত্র দ্বারা আলাউদ্দিনকে এলোপাতাড়িভাবে আঘাত গুরুতর আহত করেন।
তাৎক্ষণিকভাবে স্বজনরা তাকে উদ্ধার করে এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় উভয়পক্ষের আরও পাঁচ থেকে সাতজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জালালাবাদ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা খান বলেন, মারা যাওয়া আলাউদ্দিন ও তার হত্যাকারীরা একই গোষ্ঠীর। তারা উভয়ে দুই প্রার্থীকে সমর্থন করে আসছিলেন।ভোটের মাঠের আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ বাধলে মেম্বার প্রার্থী হামিদ পক্ষের হয়ে আসা একই গোষ্ঠীর লোকজনের হামলায় তিনি মারা যান।
তিনি আরও বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।পরে হাসপাতালে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ঘটনায় ১০ জনকে আটক করা হয়েছে।
তথ্যসূত্র: দৈনিক শ্যামল সিলেট