আজ শনিবার (২ মে) সিলেট সফর করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ইতোমধ্যে তিনি বিমানের ফ্লাইটে সিলেটে এসে পৌঁছেছেন।
সকাল পৌনে ১০টার দিকে প্রধানমন্ত্রী বহনকারী বিমানটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছে।
এসময় বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।
এখন তিনি হযরত শাহজালাল (র.) মাজার জিয়ারত করবেন। সঙ্গে রয়েছেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর এটিই তারেক রহমানের প্রথম সিলেট সফর। সিলেটে তাঁর শ্বশুরবাড়ি।
মাজার জিয়ারত শেষে বেলা ১১টায় সিলেট মহানগরের চাঁদনীঘাট এলাকায় সিটি করপোরেশনের জলাবদ্ধতা নিরসন প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
দুপুর ১২টায় সদর উপজেলার কান্দিগাঁওয়ে বাসিয়া খাল (বাসিয়া নদী) খননকাজের উদ্বোধন করার কথা রয়েছে।
বিকেল ৩টায় সিলেট জেলা স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ প্রতিযোগিতার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
পরে বিকেল ৫টায় সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে দলীয় সভায় অংশ নেওয়ার পর সন্ধ্যা ৭টায় বিমানযোগে ঢাকার উদ্দেশে সিলেট ত্যাগ করবেন।