সিলেট নগরজুড়ে টানা ৩২ ঘণ্টার অভিযানে বিভিন্ন অপরাধে মোট ৬৮ জনকে আটক করেছে পুলিশ। এর মধ্যে ২৪ ঘণ্টায় ২৫ জন এবং পরবর্তী ৮ ঘণ্টায় আরও ৪৩ জনকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৮ এপ্রিল) দিনভর সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা এলাকায় পৃথক অভিযানে নিয়মিত মামলা ও তদন্তে সন্দেহভাজন ২ জন, ওয়ারেন্টভুক্ত ৫ জন এবং মেট্রো অধ্যাদেশে ১৮ জনসহ মোট ২৫ জনকে আটক করা হয়েছে।
এদিকে বুধবার (২৯ এপ্রিল) সকাল পর্যন্ত ৮ ঘণ্টার অভিযানে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরও ৪৩ জনকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে নিয়মিত মামলার ৩ জন, ওয়ারেন্টভুক্ত ৩ জন, ৪ জন ছিনতাইকারী, ২৩ জন মাদকসেবী এবং ৭ জন মেট্রো অধ্যাদেশে আটক রয়েছেন। এছাড়া সন্দেহজনক হিসেবে ৩ জনকে আটক করা হয়েছে।
এ সময় এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ২৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হচ্ছে। মহানগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।