সিলেটের পাঁচ উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য মোতায়েন করার অনুরোধ জানিয়ে জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বিজিবি সদর দপ্তরে চিঠি দিয়েছেন। বুধবার তিনি এই চিঠি পাঠান।
এ বিষয়ে বুধবার রাত সাড়ে নয়টার দিকে জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন বলেন, পুলিশ সুপার চৌধুরী মো. যাবের সাদেকের জেলা প্রশাসক বরাবর পাঠানো চিঠির পরিপ্রেক্ষিতে বিজিবি চেয়ে ঢাকায় আবেদন করা হয়েছে। বৃহস্পতিবার ও পরদিন শুক্রবারের জন্য বিজিবি চাওয়া হয়েছে।
স্থানীয় প্রশাসনের একটি সূত্র জানায়, সিলেটে আগামীকাল বৃহস্পতিবার ও পরদিন শুক্রবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিলেট জেলার আয়োজনে জুলাই পদযাত্রা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর পরিপ্রেক্ষিতে অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সম্ভাব্য নিরাপত্তাঝুঁকি মোকাবিলায় পাঁচটি উপজেলায় বিজিবি মোতায়েনে জেলা প্রশাসকের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় ফোর্স নিয়োগের জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের চিঠি দিয়ে অনুরোধ করা হয়েছে।
একই সূত্র জানিয়েছে, জৈন্তাপুর, গোলাপগঞ্জ, গোয়াইনঘাট, কানাইঘাট ও কোম্পানীগঞ্জে আগামী দুই দিন বিজিবি মোতায়েনের পরিকল্পনা আছে। জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করবেন। যে পাঁচ উপজেলায় বিজিবি মোতায়েন হবে, সেসব এলাকায় এনসিপির জুলাই পদযাত্রা কর্মসূচি পালনের কথা রয়েছে।
এদিকে এনসিপি সিলেট জেলার সদস্যসচিব কামরুল আরিফ বলেন, বৃহস্পতিবার জেলার তিনটি উপজেলায় এবং পরদিন আরও তিনটি উপজেলায় জুলাই পদযাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হবে। এতে দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন। এরই মধ্যে যাবতীয় প্রস্তুতি শেষ করা হয়েছে।
স্থানীয় এনসিপির কয়েকজন নেতা জানান, বৃহস্পতিবার বেলা ১১টায় গোলাপগঞ্জ উপজেলায় শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ এবং বেলা তিনটায় কানাইঘাট উপজেলা ও সন্ধ্যা সাতটায় ওসমানীনগর উপজেলায় জুলাই পদযাত্রা অনুষ্ঠিত হবে। পরদিন শুক্রবার কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলায় যথাক্রমে বেলা তিনটা, বেলা পাঁচটা ও সন্ধ্যা সাতটায় জুলাই পদযাত্রা কর্মসূচি পালনের কথা রয়েছে।