বিয়ানীবাজারে মাইক্রোবাস থেকে ইয়াবার বড় চালান জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত তিন মাদক কারবারিকেও আটক করা হয়।
আটককৃতরা হলেন, জকিগঞ্জ উপজেলার আমলসীত গ্রামের এখলাছুর রহমানের ছেলে উসমান উদ্দিন ওরফে মারুফ (২৯), ডেমারগ্রাম এলাকার মাতাব উদ্দিনের ছেলে পারভেজ আহমেদ (২৫) এবং আমলসীত গ্রামের সেলিম উদ্দিনের ছেলে আশরাফুল হক।
মঙ্গলবার পুলিশের বিশেষ অভিযানে ৭ হাজার ৫শ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ জনকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, জকিগঞ্জ সার্কেলের তত্ত্বাবধানে এবং বিয়ানীবাজার থানার ওসির দিকনির্দেশনায় চারখাই পুলিশ ক্যাম্পের সামনে একটি চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করা হয়।
এ সময় সন্দেহভাজন একটি নোহা মাইক্রোবাস থামিয়ে তল্লাশি চালালে লুকানো অবস্থায় বিপুল পরিমাণ ইয়াবা জব্দ করা হয়। জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২২ লাখ ৫০ হাজার টাকা।
এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।