মহানবী হযরত মোহাম্মদকে (সা.) নিয়ে কটুক্তিকারী নুপুর শর্মার পক্ষাবলম্বন করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে উস্কানিমুলক বক্তব্য শেয়ার করে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অপরাধে জাফলং চা বাগান থেকে শ্রাবন সাঁওতাল রাজকে (২৩) গ্রেফতার করেছে পুলিশ।
এ ঘটনায় গোয়াইনঘাট থানায় দায়েরকৃত ডিজিটাল নিরাপত্তা আইনে দায়েরকৃত মামলায় জাফলং চা বাগান থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।
আরও পড়ুন
ধৃত শ্রাবন সাঁওতাল জাফলং চা বাগানের রাঙ্গা সাঁওতালের ছেলে। তিনি গোয়াইনঘাট সরকারি কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এবং জাফলং চা বাগানের একটি ঔষধের ফার্মেসিতে কর্মরত।
স্থানীয় ও গোয়াইনঘাট পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার ১১ নং মধ্য জাফলং ইউনিয়নের জাফলং চা বাগানের সনাতন যুবক মহানবীকে (সা.) নিয়ে কটুক্তিকারী ভারতের নুপুর শর্মার বক্তব্য সমর্থন করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার ভেরিফাই আইডি থেকে রোববার (১২ জুন) ভোর ৫টায় একটি পোস্ট দেয় শ্রাবন সাঁওতাল। এই ঘটনার পর পরই নেট দুনিয়ায় তা ভাইরাল হয়ে যায়। এই ঘটনায় ফুঁসে উঠেন উপজেলার ধর্মপ্রাণ মুসল্লী ও মুসলিম ধর্মালম্বীরা।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ধর্মীয় উস্কানিমূলক স্ট্যাটাস দেওয়ার অপরাধে তৎপর হয়ে উঠে গোয়াইনঘাট থানা পুলিশ বিভাগ। থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে বিঘ্নিত না হয় সে লক্ষে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম নজরুল ইসলাম। এসময় তাৎক্ষণিক পূর্ব জাফলং বিট অফিসার এস আই এমরুল কবিরসহ বিপুল সংখ্যক পুলিশ রোববার দিবাগত রাত ২টায় অভিযান চালিয়ে জাফলং চা বাগান থেকে শ্রাবন সাঁওতালকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় এসআই এমরুল কবির বাদী হয়ে গোয়াইনঘাট থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা (০৯(০৬)২০২২) দায়ের করেন।
এ ব্যাপারে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম জানান, ধর্মীয় অনুভূতিতে আঘাত ও উসকানিমূলক পোস্ট করার দায়ে শ্রাবন সাঁওতাল রাজকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা হয়েছে।তিনি ফেসবুকে এহেন কর্মকাণ্ড পরিচালনা না করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।