সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরীকে সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে।
তিনি জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্বপালন করে আসছিলেন। এর আগে সংগঠনের সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেন তিনি।
সোমবার (৬ সেপ্টেম্বর) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত এক চিঠিতে শফিকুর রহমানকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়ার তথ্য জানানো হয়েছে।
চিঠিতে বলা হয়, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট লুৎফুর রহমানের মৃত্যুজনিত কারণে সভাপতির পদ শূন্য হওয়ায় সংগঠনের গঠনতন্ত্র মোতাবেক কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ শফিকুর রহমান চৌধুরীকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দিয়েছে।
দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়।