সিলেটের সীমান্ত এলাকা গোয়ানইঘাটে আব্দুল কাদির (২৭) নামের এক যুবককে জবাই করে হত্যা করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। নিহত আব্দুল কাদির উপজেলার গোয়াইনঘাট সদর ইউনিয়নের দক্ষিণ লাবু গ্রামের আব্দুল খালিকের ছেলে।
পূর্ব শত্রুতার জের ধরে আজ শুক্রবার (১৫ জুলাই) রাত ৮টার দিকে দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের এক পর্যায়ে নিহত আব্দুল কাদিরকে প্রতিপক্ষের লোকজন জবাই করে হত্যা করেন বলে স্থানীয় একাধিক প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়।
এ ঘটনায নারীসহ আরও অন্তত ৫/৬ জন গুরুতর আহত হয়েছেন। তাদেরকে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। গ্রামবাসীর দেয়া আগুনে নিহত কাদিরের বসতবাড়ী পুড়ে গেছে বলেও জানা গেছে।
সংঘর্ষের খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের মরদেহ উদ্ধারের চেষ্টা করছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দক্ষিণ লাবু গ্রামবাসীর সাথে ৪ বছর আগের একটি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে বিরোধ চলছিল নিহত কাদিরের পিতা আব্দুল খালিক ও তার স্বজনদের মধ্যে।
এনিয়ে কয়েকদিন ধরে উভয়পক্ষের মাঝে উত্তেজনা বিরাজ করছিল। শুক্রবার রাত ৮টার দিকে আব্দুল খালিকের বাড়ি আক্রমন করেন গ্রামের লোকজন। তাদের প্রতিরোধ করতে এলে কাদিরকে জবাই করা হয় এবং তাদের বাড়িতে আগুন ধরিয়ে দেয়া হয়। আগুনে একটি ঘর পুড়ে গেছে।
গোয়াইনঘাট থানার পরিদর্শক ( তদন্ত ) ওমর ফারুক জানান, তার লাশের সুরতহাল তৈরি করছেন। এরপর ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। পুলিশের একাধিক টিম সক্রিয় রয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।