প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো সিলেট সফরে আসছেন তারেক রহমান। এমন খবরে পুরো সিলেট জুড়ে রাজনৈতিক, প্রশাসনিক ও সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ ও উদ্দীপনা। সম্ভাব্য সফরের তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৩০ এপ্রিল। এদিন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্রীড়া প্রতিভা অন্বেষণ কার্যক্রম নতুন কুঁিড় স্পোর্টস এর শুভ উদ্বোধন করবেন।
প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে ইতোমধ্যে একমাস আগ থেকেই শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি। জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং সংশ্লিষ্ট রাজনৈতিক দলের নেতাকর্মীরা সমন্বিতভাবে কাজ করছেন সফরকে সফল ও সুশৃঙ্খল করতে।
মঙ্গলবার জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে একটি গুরুত্বপূর্ণ প্রস্তুতি সভা। জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার, বিএনপি নেতৃবৃন্দ, সিটি করপোরেশনের প্রতিনিধিরা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং রাজনৈতিক নেতৃবৃন্দ। সভায় সফরের সার্বিক নিরাপত্তা, জনসমাগম ব্যবস্থাপনা, যানবাহন চলাচল নিয়ন্ত্রণ এবং সম্ভাব্য কর্মসূচি বাস্তবায়নের নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই সফরকে ঘিরে কোনো ধরনের বিশৃঙ্খলা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি যাতে সৃষ্টি না হয়, সে বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে।
সফর উপলক্ষে সিলেট মহানগরী ও আশপাশের এলাকায় অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম, গুরুত্বপূর্ণ সড়কগুলো মেরামত, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান জোরদার করা হবে।
এদিকে, দলের নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উচ্ছ্বাস। দীর্ঘদিন পর তাদের শীর্ষ নেতার সরাসরি উপস্থিতি তাদের মধ্যে নতুন করে প্রাণ সঞ্চার করেছে। মহানগর ও জেলা পর্যায়ের নেতারা বলছেন, এই সফর শুধু একটি সরকারি আনুষ্ঠানিক সফর নয়, বরং এটি দলের সাংগঠনিক শক্তি প্রদর্শনের একটি বড় সুযোগ। তারা আশা করছেন, এই সফরের মাধ্যমে সিলেটসহ পুরো অঞ্চলে দলের অবস্থান আরও সুদৃঢ় হবে।
অপরদিকে, সাধারণ মানুষের মধ্যেও এই সফর নিয়ে কৌতূহল কম নয়। অনেকে মনে করছেন, প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের এই সফর সিলেট অঞ্চলের উন্নয়ন কর্মকাণ্ডে নতুন গতি আনবে। বিশেষ করে অবকাঠামো উন্নয়ন, পর্যটন খাতের প্রসার, কর্মসংস্থান সৃষ্টি এবং শিক্ষা ও স্বাস্থ্যখাতে নতুন প্রকল্প ঘোষণার প্রত্যাশা করছেন স্থানীয় বাসিন্দারা।
সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের শামীম বলেন, ‘ প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ৩০ এপ্রিল নতুন কুঁিড় স্পোর্টস এর আনুষ্ঠানিক উদ্বোধন করতে সিলেটে আসছেন। প্রশাসনের পক্ষ থেকে ইতোমধ্যে প্রস্তুতি শুরু হয়েছে। দল থেকেও ব্যাপক প্রস্তুতির পরিকল্পনা রয়েছে।’