আজ ,

হাদির মৃ ত্যুর খবরে উত্তাল সিলেট

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত ডিসেম্বর ১৯, ২০২৫, ০৩:০৮ অপরাহ্ণ
হাদির মৃ ত্যুর খবরে উত্তাল সিলেট

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে ক্ষোভে-বিক্ষোভে উত্তাল সিলেট।

হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে এবং শুক্রবার জুমার পর নগরীর চৌহাট্টা এলাকায় জড়ো হতে থাকে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। পরে বিজয় চত্বরে থেকে তারা মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেন। এ সময় সিলেট নগরীর বিভিন্ন এলাকা থেকে একাধিক মিছিল এসে সেখানে যুক্ত হয়।

মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় চৌহাট্টাস্থ বিজয় চত্বরে ফিরে আসে। পরে বিক্ষোভকারীরা সড়কে বসে পড়েন এবং বিভিন্ন স্লোগান দিতে থাকেন। মিছিলে অংশগ্রহণকারীরা দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, বিচার বিচার বিচার চাই, হাদি হত্যার বিচার চাই, আমরা সবাই হাদি হবো, যুগে যুগে লড়ে যাবোসহ নানা স্লোগান দেন।

বিক্ষোভ চলাকালে এলাকাজুড়ে উত্তেজনা বিরাজ করলেও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। পরিস্থিতি পর্যবেক্ষণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে। বিক্ষোভকারীরা দ্রুত সময়ের মধ্যে হাদি হত্যার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।