আজ ,

সিলেটে রাতের আঁধারে ভোটকেন্দ্র থেকে আটক ৩ পর্যবেক্ষক

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত ফেব্রুয়ারি ১২, ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ণ
সিলেটে রাতের আঁধারে ভোটকেন্দ্র থেকে আটক ৩ পর্যবেক্ষক

রাতের আধারে “রিসভা বাংলাদেশ” সংস্থার পর্যবেক্ষক কার্ডধারী ৩ যুবক কেন্দ্রে প্রবেশ করা নিয়ে সিলেটের একটি কেন্দ্রে হট্রগোল সৃষ্টি হয়েছে।

ভোটের আগের রাত বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টায় সিলেট-১ আসনে নগরের মিরাবাজার শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ ভোট কেন্দ্রে এ ঘটনা ঘটে। জামায়াত পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানটিতে নগরের ১৫ নং ওয়ার্ডের একটি কেন্দ্র।

পর্যবেক্ষক কার্ডধারী তাহমিদ শাহরিয়ারসহ ৩ যুবক কেন্দ্রের ভেতরে অবস্থান করছিলেন। ঘটনাটি এলাকারবাসীর সন্দেহ হয়। তারা প্রিসাইডিং অফিসারের কাছে এদের পরিচয় জানতে চাইলে জানান ওরা আনসার সদস্য। তবে তারা চ্যালেঞ্জ করলে তিন যুবকই জানান, তারা পর্যবেক্ষক। এসময় ওয়ার্ড বিএনপি নেতাকর্মীরাও ঘটনাস্থলে উপস্থিত হলে হট্টগোল সৃষ্টি হয়।

রাতে কেন্দ্রে কেন প্রবেশ করলেন এমন প্রশ্নে একেক সময় একেক উত্তর দিচ্ছিলেন তারা। তারা বলে, ৭২ ঘন্টা তারা কেন্দ্রে অবস্থান করবেন। তাদের ভেতরে ঢুকার ও থাকার অনুমতি আছে। এ জন্য নাকি রিটার্নিং অফিসার তাদের কার্ড দিয়েছেন। পরে স্থানীয় জনতা তাদের আটক রেখে জানতে চান তারা কোন এলাকার বাসিন্দা। তাদের একজন নগরের টিলাগড়, আরেকজন স্থানীয় বাসিন্দা পরিচয় দেন।

খবর পেয়ে কোতোয়ালী থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় এবং জিজ্ঞাসাবাদের জন্য ওই তিনজনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।

এসএমপির কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত (ওসি) মাঈনুল জাকির বলেন, পর্যবেক্ষক কার্ডধারী ওই তিন যুবককে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরবর্তীতে নাম ঠিকানা জানিয়ে দেওয়া হবে।

এদিকে, সিলেট নগরীর শামীমাবাদ এলাকায় মঈন উদ্দিন সরকারি মহিলা কলেজে রাত ১০ টায় অজ্ঞাত ১০/১২ জন লোককে কেন্দ্রে ঢুকতে দেখেছেন জনতা। একজন ফেসবুক ইউজার এ ধরণের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়েছেন। এছাড়া নগরের ৩নং ওয়ার্ডের ব্লু-বার্ড উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অজ্ঞাত ব্যক্তি মোটরসাইকেল নিয়ে প্রবেশের চেষ্টা করেন। তখন বিএনপির নেতাকর্মীরা তাকে বাধা দেন। খবর পেয়ে সিলেট-১ আসনে বিএনপির প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির সেখানে ছুটে যান।

এসময় মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী এ আসনে জামায়াতের প্রার্থীকে ভোটারদের ওপর আস্থা রাখার আহ্বান জানিয়ে বলেন, জনগণ পছন্দ করলে আপনাকে দেবে, মুক্তাদিরকে পছন্দ করলে তাকে ভোট দেবে। সিলেটের নির্বাচনী পরিবেশ নষ্ট না করার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, প্রিজাইডিং অফিসার কেন পর্যবেক্ষকদের এই মুহুর্তে কেন্দ্রে প্রবেশ করতে দেবেন। যখন ভোট চলবে, তখন পর্যবেক্ষকদের প্রবেশের সুযোগ দেবেন। এখন প্রিজাইডিং অফিসার প্রশ্নবিদ্ধ। এই কেন্দ্রে আগামি কাল যে ভোট হবে, এই কেন্দ্র ও ব্লু বার্ড কেন্দ্রে দৃষ্টি রাখার আহ্বান জানান। জনগণ তার কাঙ্খিত ভোট দেবে। দীর্ঘদিন পর জনগণ তার ভোটে কাঙ্খিত সরকার গঠন করবে। এ ব্যাপারে সাংবাদিকদের সহযোগীতা চান তিনি।