সিলেট নগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। গত ২৪ ঘণ্টার এই চিরুনি অভিযানে বিভিন্ন অপরাধে ২৭ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি ট্রাফিক আইন অমান্য করায় ১৮৪টি যানবাহনের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এসএমপি সূত্রে জানা যায়, বুধবার (১৯ আগস্ট) দিনব্যাপী নগরীর বিভিন্ন থানা এলাকায় একযোগে এই অভিযান পরিচালিত হয়।
এসময় পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতারকৃত ২৭ জনের মধ্যে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত পলাতক আসামি, মাদক ব্যবসায়ী এবং মেট্রো অধ্যাদেশের আওতায় বিনা পরোয়ানায় গ্রেফতারকৃতরা রয়েছেন। অভিযান চলাকালে আসামিদের হেফাজত থেকে ২৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।
এদিকে একই সময়ে নগরীর সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং পরিবহন আইন মানতে বাধ্য করতে ট্রাফিক বিভাগ কঠোর অবস্থান গ্রহণ করেছে। অভিযানে মোট ১৮৪টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
সূত্র জানায়, ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ৭৩টি যানবাহনের বিরুদ্ধে মামলা এবং বৈধ ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ১১১টি যানবাহন আটক করা হয়েছে।
এসএমপি’র মিডিয়া শাখায় জানায়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। একটি নিরাপদ ও অপরাধমুক্ত সিলেট শহর গড়ে তুলতে পুলিশ প্রশাসনের এই বিশেষ চিরুনি অভিযান ভবিষ্যতেও নিয়মিত অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।