সিলেট নগরীতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)-এর কার্যালয় ঘেরাও করে ২২ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
শনিবার (১ নভেম্বর) দুপুরে নগরীর আম্বরখানাস্থ দলীয় কার্যালয় থেকে তাদের আটক করে কোতোয়ালি থানায় নিয়ে যাওয়া হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, পূর্বঘোষণা অনুযায়ী ব্যাটারিচালিত রিকশা শ্রমিকদের একটি কর্মসূচিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।
কিন্তু নিষেধাজ্ঞা অমান্য করে বাসদ নেতাকর্মীরা অবৈধভাবে জমায়েতের চেষ্টা করলে তাদের আটক করা হয়। তবে বাসদ নেতাদের দাবি ভিন্ন। তারা জানান, পুলিশের নির্দেশনা মেনে কর্মসূচি স্থগিত করা হয়েছিল।
এ সময় কার্যালয়ে দলের মাসিক পাঠচক্র চলছিল, সেখান থেকেই পুলিশ কোনো কারণ ছাড়াই তাদের আটক করে নিয়ে যায়। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে যোগাযোগ করা হলে মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (গণমাধ্যম) সাইফুল ইসলাম ফোনে সাড়া দেননি।