চলতি বছরের আগস্ট মাসে সিলেট বিভাগে সড়কগুলোতে দুর্ঘটনায় ৪৭ জনের প্রাণহানি ঘটেছে। এ সময়ে ৩৫টি সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ১২২ জন।
চলতি বছরে এক মাসে প্রাণহানির হিসাবে এটি দ্বিতীয় সর্বোচ্চ। এর আগে মে মাসে সর্বোচ্চ ৫১ জনের প্রাণহানি হয়।
রবিবার (৬ সেপ্টেম্বর) নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটির মাসিক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
প্রকাশিত প্রতিবেদনে দেখা যায়, আগস্ট মাসে সিলেট বিভাগের ৩৫টি সড়ক দুর্ঘটনায় ৪৭ জন নিহত ও ১২২ জন আহত হয়েছেন।
এর মধ্যে সিলেট জেলায় ১৭টি সড়ক দুর্ঘটনায় ২৭ জন নিহত ও ৬৯ জন আহত হয়েছেন। সুনামগঞ্জ জেলায় ৫টি সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত ও ২২ জন আহত হয়েছেন।আ
এ ছাড়া মৌলভীবাজারে ৪টি সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত ও ২ জন আহত এবং হবিগঞ্জ জেলায় ৯টি সড়ক দুর্ঘটনায় ১২ জন নিহত ও ২৯ জন আহত হয়েছেন।
প্রতিবেদনে দেখা যায়, আগস্ট মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় নিহতের মধ্যে ১০টি সড়ক দুর্ঘটনায় ১১ জন মোটরসাইকেল চালক ও আরোহী, ৭টি সড়ক দুর্ঘটনায় ৯ জন সিএনজি ও টমটম চালক ও আরোহী, ১২টি সড়ক দুর্ঘটনায় ১২ জন চালক ও ৭টি সড়ক দুর্ঘটনায় ৭ জন পথচারী নিহত হয়েছেন।
এ ছাড়া নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে ৭টি দুর্ঘটনায় ৫ জন, মুখোমুখি সংঘর্ষে ১২টি দুর্ঘটনায় ২৭ জন, গাছ ও বৈদ্যুতিক খুঁটির সঙ্গে আঘাতে ১টি দুর্ঘটনায় ১ জন নিহত হন। পুরো মাসে মোট নিহতের ৩৮ জন পুরুষ, ৬ জন নারী ও ৩ জন শিশু রয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদন বিশ্লেষণে দেখা যায়, আগস্ট মাসে সড়ক দুর্ঘটনায় শুধু সিলেট-ঢাকা মহাসড়কের সিলেট অংশে ১০টি দুর্ঘটনায় ২৪ জন নিহত হয়েছেন। এর মধ্যে সিলেট জেলার ওসমানীনগর উপজেলায় ৩টি সড়ক দুর্ঘটনায় ১৫ জন নিহত হন। সিলেটে বিভাগের চার জেলার মধ্যে আগস্টে সিলেট জেলায় সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে।
সবচেয়ে কম ছিল যথাক্রমে সুনামগঞ্জ ও মৌলভীবাজার।
প্রতিবেদনে দুর্ঘটনার কারণ হিসেবে, অতিরিক্ত গতিতে গাড়ি চালানো, নিয়ম না মেনে বেপরোয়া ওভারটেকিং করা, অনুমোদনহীন ও ফিটনেসবিহীন গাড়ি মহাসড়কে চলানো, মোটরসাইকেল চালক ও আরোহীদের মানসম্মত হেলমেট ব্যবহার না করা, পথচারীদের মধ্যে সচেতনতার অভাব ও সড়কে নির্মাণ ত্রুটির উল্লেখ করা হয়।
নিসচার পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে জানানো হয়, পাঁচটি স্থানীয় দৈনিক পত্রিকা, অনলাইন পত্রিকার তথ্য, দুটি জাতীয় দৈনিক পত্রিকার তথ্য, অনুমেয় অনুজ্জ বা অপ্রকাশিত ঘটনা ও নিসচা সিলেটের শাখা সংগঠনগুলোর তথ্যের ভিত্তিতে নিসচা বিভাগীয় কমিটি এ প্রতিবেদন তৈরি করেছে।
নিসচা কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলার সভাপতি জহিরুল ইসলাম মিশু এসব তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে নিসচার জুলাই মাসের প্রতিদিন অনুযায়ী ওই মাসে সিলেট বিভাগে ২৮টি সড়ক দুর্ঘটনায় ৩১ জন নিহত ও ৭৫ জন আহত হয়েছেন।