আজ ,

বিদ্যালয়ে মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা, অমান্য করলেই বহিষ্কার

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ৩, ২০২৬, ০৫:২১ অপরাহ্ণ
বিদ্যালয়ে মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা, অমান্য করলেই বহিষ্কার

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ে পাঠদান চলাকালে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহারে কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, কোনো শিক্ষার্থী মোবাইল ফোন নিয়ে বিদ্যালয় সীমানার ভেতরে প্রবেশ করতে পারবে না।

স্কুল চলাকালীন সময়ে কারো কাছে মোবাইল ফোন পাওয়া গেলে তাকে সরাসরি স্কুল থেকে বহিষ্কার করার কথা ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক সভায় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং ম্যানেজিং কমিটির সদস্যদের উপস্থিতিতে প্রধান শিক্ষক শফিকুল ইসলাম দানু এই সিদ্ধান্তের কথা জানান।

প্রধান শিক্ষক শফিকুল ইসলাম দানু জানান, শিক্ষার্থীদের পড়ালেখায় মনোযোগ বাড়ানো, ভালো ফলাফল নিশ্চিত করা এবং তাদের আত্মনির্ভরশীল ও সুনাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। একইসঙ্গে বিষয়টি মেনে চলতে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

বিদ্যালয়ের এই পদক্ষেপকে স্বাগতম জানিয়েছেন স্থানীয় সচেতন মহল ও অভিভাবকরা। তাদের মতে, এর ফলে শিক্ষার্থীরা মোবাইল আসক্তি কাটিয়ে পড়ালেখায় আরো মনোযোগী হতে পারবে।

স্থানীয় বাসিন্দা আবুল কাশেম জানান, এটি সত্যিই প্রশংসনীয় একটি উদ্যোগ। আমাদের সময়ে যা ভাবাই যেত না, এখনকার ছেলে-মেয়েরা মোবাইল ছাড়া চলতেই পারে না।

তাই শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফেরাতে এই সিদ্ধান্ত ইতিবাচক ভূমিকা রাখবে।
অভিভাবক জামাল মিয়া জানান, পড়ালেখা ছেড়ে সারাক্ষণ মোবাইলে ডুবে থাকার কারণে সন্তানদের পড়াশোনার ক্ষতি হচ্ছিল। স্কুল চলাকালে মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা দেওয়ায় অন্তত এই সময়ে তারা পড়াশোনায় মনোযোগ দিতে পারবে।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবুল কালাম জানান, শিক্ষার্থীরা আমাদের সন্তান, তাদের কল্যাণ ও শিক্ষার মান উন্নয়নের দায়িত্ব আমাদেরই। মোবাইল আসক্তি কমিয়ে পড়ালেখায় মনোযোগ বাড়ানো, ভালো ফলাফল নিশ্চিত করা এবং বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ সুন্দর করার লক্ষ্যেই মোবাইল ফোন নিষিদ্ধ করার এই উদ্যোগ নেওয়া হয়েছে।