ওসমানীনগরে ফের ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটেছে।
শনিবার বেলা আড়াইটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগর ব্রাহ্মণগ্রাম এলাকায় সিএনজি চালিত অটোরিকশা ও তেলবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে একাধিক হতাহতের খবর পাওয়া গেছে।
গুরুতর আহত অবস্থায় ৪ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
অপরদিকে, ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা ও হাইওয়ে পুলিশের শেরপুর থানার ওসি আনিসুর রহমান বেলা সাড়ে ৩ টার দিকে জানিয়েছেন, গুরুতর আহত অবস্থায় ৫/৬ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে দু’জন মারা গেছেন বলে শুনেছি। তবে এখনও নিশ্চিত হতে পারিনি।
জানা গেছে, সিলেট থেকে ঢাকাগামী তেলবাহী ট্রাক (ঢাকা মেট্রো ঢ ৪৪-০৬৫৪) ওসমানীনগরের ব্রাক্ষ্মণগ্রাম (কসরতল) পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশার (মৌলভীবাজার থ ১১-৮৩৫৩) সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
উল্লেখ্য, শুক্রবার (৭ আগস্ট) সকাল সোয়া ৭টার দিকে ওসমানীনগরের কাশিকাপুর এলাকায় ইউনিক পরিবহন ও বেঙ্গল পরিবহনের দুটি বাসের মধ্যে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সাতজন মারা যান। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়। এ ঘটনায় মোট ৯জন নিহত এবং ১৬ জন আহত হয়েছেন।