সিলেটে সাধারণ আলেম সমাজ জেলা কমিটির অভিষেক এবং ‘আমারও কিছু বলার আছে’ ও ‘আলেম সমাজের ভাবনায় নতুন বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দরগাহ গেইটস্থ শহীদ সোলেমান হলে আয়োজিত এই অনুষ্ঠানে সমকালীন সামাজিক ও রাষ্ট্রীয় বাস্তবতায় আলেম সমাজের ভূমিকা ও দায়িত্ব নিয়ে বিশদ মতবিনিময় করেন দেশের বিশিষ্ট আলেমরা।
জেলা কমিটির আহ্বায়ক মাওলানা এহতেশামুল হক কাসেমীর সভাপতিত্বে এবং সদস্য সচিব মাওলানা খলিল বিন এখলাস ও সাংগঠনিক সম্পাদক মাওলানা লুকমান হাকিমের সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, বর্তমান পরিবর্তনশীল সামাজিক ও রাষ্ট্রীয় প্রেক্ষাপটে আলেম সমাজকে নিজেদের অবস্থান পুনর্মূল্যায়ন করতে হবে। কেবল ধর্মীয় চর্চায় সীমাবদ্ধ না থেকে শিক্ষা, সামাজিক সম্প্রীতি, মানবিক মূল্যবোধ ও নৈতিক অবক্ষয় রোধে আলেমদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান।
বক্তব্যে সময়ের চাহিদার সঙ্গে খাপ খাইয়ে পারস্পরিক মতপার্থক্য ভুলে গিয়ে ইসলাম, উম্মাহ ও দেশের বৃহত্তর কল্যাণে ঐক্যবদ্ধ হওয়ারও আহবান জানান আলোচকরা।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি ও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, মাওলানা আতাউল হক জালালাবাদী, মাওলানা শাহ মমশাদ আহমদ, মাওলানা সাজিদুর রহমান, মাওলানা আব্দুল মালিক চৌধুরী, মাওলানা মাসুক আহমদ সালামী, মাওলানা তাজুল ইসলাম হাসান, মাওলানা যুবায়ের আহমদ কাসেমী, মাওলানা মাহমুদুল হাসান (এলএলবি), মাওলানা রিদওয়ান হাসান, মাওলানা আকিফ আব্দুল্লাহ ও মাওলানা এনাম বিন সিদ্দীকসহ দেশের প্রখ্যাত আলেম সমাজ।
আয়োজকরা জানান, আলেমদের মধ্যে পারস্পরিক যোগাযোগ সুদৃঢ় করা এবং একটি ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ গঠনে ভূমিকা রাখাই এই প্ল্যাটফর্মের মূল লক্ষ্য। ভবিষ্যতে এ ধরনের জনসম্পৃক্ত কার্যক্রম অব্যাহত থাকবে।