আজ ,

র‌্যাব-বিজিবি অভিযানে টিলাগড়ে সোয়া ৩ কোটি টাকার চোরাচালান আটক

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত জুলাই ২৩, ২০২৬, ০৪:০৪ অপরাহ্ণ
র‌্যাব-বিজিবি অভিযানে টিলাগড়ে সোয়া ৩ কোটি টাকার চোরাচালান আটক

সিলেট নগরীর টিলাগড়ে র‌্যাব-৯ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র যৌথ অভিযানে প্রায় সোয়া ৩ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানি পণ্য আটক করা হয়েছে।

 

র‌্যাব জানায়, সীমান্ত দিয়ে অবৈধভাবে চোরাচালান প্রতিরোধ, মাদক, অস্ত্র ও অন্যান্য অপরাধ দমনে র‌্যাব নিয়মিত গোয়েন্দা তৎপরতা ও অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিএসসি, সিলেট এবং বিজিবির একটি যৌথ আভিযানিক দল জানতে পারে, সিলেট নগরীর শাহপরাণ (রহ.) থানাধীন টিলাগড় এলাকা দিয়ে একটি কাভার্ডভ্যানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, ওষুধ ও কসমেটিকস পরিবহন করা হচ্ছে।

 

এ তথ্যের ভিত্তিতে বুধবার (২২ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে যৌথ বাহিনীর সদস্যরা টিলাগড় এলাকায় সন্দেহভাজন কাভার্ডভ্যানটির গতিবিধি পর্যবেক্ষণ ও অনুসরণ করেন। একপর্যায়ে ভ্যানটি কোতোয়ালি থানাধীন সুরমা আবাসিক এলাকার একটি ভবনের নিচতলায় মালামাল নামিয়ে চলে যাওয়ার চেষ্টা করলে র‌্যাব ও বিজিবি সদস্যরা সেটিকে আটক করেন।

 

পরে চালকের দেওয়া তথ্যের ভিত্তিতে ওই ভবনের একটি কক্ষে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানি পণ্য উদ্ধার করা হয়। উদ্ধারকৃত পণ্যের মধ্যে রয়েছে—ভারতীয় বিভিন্ন ধরনের ট্যাবলেট ১ লাখ ৭৭ হাজার ৬৩০ পিস, ভারতীয় শাড়ি ১০০ পিস, ACNASOPT ফেসওয়াশ ৮০ পিস, KETODERM শ্যাম্পু ১০০ পিস, GLUSTER সিরাম ২৯ পিস, CODL সিরাপ ১ হাজার ২৯০ পিস, BONZVA সিরাপ ৪৯৭ পিস।

 

উদ্ধার করা চোরাচালানি পণ্যের আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ২৪ লাখ ৯৪ হাজার ৫০ টাকা।

 

এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ৫২ বিজিবি, সিলেটের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

র‌্যাব-৯ জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান ও অন্যান্য অপরাধ দমনে তাদের গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।