সিলেটের মোগলটুলায় অনলাইন জুয়া চক্রের আস্তানায় অভিযান চালিয়ে ৯ যুবককে আটক করেছে র্যাব-৯।
আটককৃতরা হলেন, কোতোয়ালি থানার পশ্চিম কাজীরবাজার এলাকার মৃত আলতাফ হোসেনের ছেলে জীবন আহমদ (৩২), একই এলাকার মৃত তাজুল ইসলামের ছেলে সুমন মিয়া (২৭), সুনামগঞ্জের তাহিরপুর থানাধীন কাওকান্দি গ্রামের মৃত আশরাফুল মিয়ার ছেলে জুয়েল আহমদ ছানাউল্লাহ (৩০), পশ্চিম কাজীরবাজারের শাহীন মিয়ার ছেলে সানি (২২), একই এলাকার মুক্তার খাঁনের ছেলে ইমন খাঁন বাদল (২২), সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানার মল্লিকপুর গ্রামের আব্দুর শহিদের ছেলে আজিজুর রহমান (৪৪), সুনামগঞ্জ সদর থানার নতুন পৈন্দা গ্রামের মৃত রশিদ আলীর ছেলে নমিরুল ইসলাম (৪২), দক্ষিণ সুরমার সদরখলা এলাকার মৃত মনমোহন দেবনাথের ছেলে মধু দেবনাথ (৫৫) ও ময়মনসিংহ জেলার গোবরাকুড়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে মমিনুল (৪৫)।
শুক্রবার (১৯ জুন) দুপুরে এসব তথ্য জানায় র্যাব। অভিযানে গ্রেফতারকৃতদের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন জব্দ করা হয়।
র্যাব জানায়, বৃহস্পতিবার মোগলটুলা এলাকায় এ অভিযান চালায়। এসময় আটককৃতরা বিভিন্ন অ্যাপসের মাধ্যমে ১০ টাকায় ৮শত টাকা পাওয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্ন লোকজনকে এই খেলায় অংশ গ্রহণ করিয়ে তারা কমিশন লাভ করে। তাদের নিকট থেকে উদ্ধারকৃত মোবাইল ফোন যাচাই করে অনলাইন জুয়া খেলার বিভিন্ন আলামত পাওয়া যায়।
এ ঘটনায় র্যাব কোতোয়ালি থানায় আটককৃতদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা দায়ের করেছে।