‘বেশি বেশি গাছ লাগান, পরিবেশ বাঁচান’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে হাফিজ সোসিয়াল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ‘সবুজ বিপ্লব’ প্রজেক্টের আওতায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সহযোগী সংগঠন ইউনাইটেড ব্লাড ডোনেশন সোসাইটি ও ইউনাইটেড ইয়ুথ ব্লাড ডোনেশন সোসাইটির সহযোগিতায় বৃহস্পতিবার (১১ জুন) সিলেট সরকারি আলিয়া মাদরাসা প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠান উদ্বোধন করেন সিলেট সরকারি আলিয়া মাদরাসার ইংরেজি বিভাগের প্রফেসর মিজানুর রহমান। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। আজকের একটি গাছ আগামী প্রজন্মের জন্য নিরাপদ পৃথিবী উপহার দিতে পারে। তাই প্রত্যেক মানুষকে অন্তত একটি হলেও গাছ লাগানোর মানসিকতা গড়ে তুলতে হবে।”
এসময় উপস্থিত ছিলেন হাফিজ সোসিয়াল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সিইও হাফিজ মাওলানা ছালিম আহমদ খাঁ, দায়িত্বশীল আরাফাত রহমান চৌধুরী, হাফিজ হাম্মাদ বীন আনিছ সরকার, সদস্য আব্দুল ওয়াদুদ চৌধুরী, রাকিব হুসেনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে হাফিজ মাওলানা ছালিম আহমদ খাঁ বলেন, “মানবসেবার পাশাপাশি পরিবেশ রক্ষাও আমাদের নৈতিক দায়িত্ব। একটি সবুজ বাংলাদেশ গড়তে তরুণদের এগিয়ে আসতে হবে। আমরা চাই সমাজের প্রতিটি মানুষ বৃক্ষরোপণে উদ্বুদ্ধ হোক এবং পরিবেশ রক্ষায় সচেতন ভূমিকা পালন করুক।”
বৃক্ষরোপণ কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। আয়োজকরা জানান, ভবিষ্যতেও পরিবেশ সংরক্ষণ ও সচেতনতা বৃদ্ধিতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।