কানাইঘাটে ভারতীয় চা পাতার চালানসহ তিন চোরাকারবারিকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৫ জুন) ভোর পৌণে ৩টার দিকে উপজেলার বড়চতুল ইউনিয়নের সামন থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, কানাইঘাটের বাউরভাগ এলাকার ইনছান আলীর ছেলে শহীদ আহমদ (২২), জৈন্তাপুর থানার মানিকপাড়া এলাকার ফরিদ আহমদের ছেলে ফয়ছল আহমদ (২০) ও মফুর আলীর ছেলে আল আমিন (২০)।
পুলিশ জানায়, বড় চতুল ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনের রাস্তায় সুরইঘাট থেকে আসা একটি পিকআপকে থামার সিগনাল দিলে পুলিশের গাড়ি দেখে পালানোর চেষ্টা করছিলেন তারা।
পরে তাদের পিকআপ তল্লাশি করে ২০টি প্লাস্টিকের ব্যাগের প্রতিটিতে ৪০ কেজি করে মোট ৮০০ কেজি ভারতীয় চা পাতা উদ্ধারের পর জব্দ করা হয় যার বাজার মূল্য প্রায় আড়াই লাখ টাকা।
এ ব্যাপারে কানাইঘাট থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে তাদের তিনজনকেই আদালতে সোপর্দ করার বিষয়টি নিশ্চিত করেছেন কানাইঘাট থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম।