‘কুরবানি ও করুণার চেতনা ছড়িয়ে দেওয়া’ প্রতিপাদ্যকে সামনে রেখে নাসীহা ফাউন্ডেশন বিডি এ বছরও উদহিয়া (কুরবানি) প্রজেক্ট বাস্তবায়ন করেছে।
বৃহস্পতিবার (২৮ মে ২০২৬) ঈদুল আযহার নামাজ শেষে সকাল ৮টায় নগরীর রায়নগর সোনারপাড়াস্থ সালাম কমপ্লেক্সে অবস্থিত ফাউন্ডেশনের অস্থায়ী কার্যালয়ে ৪টি গরু ও ৬টি খাশী কুরবানি করা হয়।
এছাড়াও আরো বিভিন্ন জায়গায় কোরবানির পশু দান করা হয়েছে।
ফাউন্ডেশন সূত্র জানায়, বিগত বছরের ধারাবাহিকতায় এবারও প্রকল্পটি পরিচালিত হয়েছে। মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদিম এবং মাদরাসার এতিমখানার ছাত্রদের মাঝে কুরবানির গোশত হাদিয়া হিসেবে বিতরণ করা হয়। পাশাপাশি এলাকার দরিদ্র ও অসহায় মানুষের মধ্যেও গোশত পৌঁছে দেওয়া হয়।
প্রকল্পের সার্বিক দায়িত্বে ছিলেন ফাউন্ডেশনের অভিভাবক আব্দুল কাইয়ূম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের অভিভাবক আলহাজ্ব আব্দুর রকিব রকু, আব্দুল আল্লাম রামিম, জামিয়া হিদায়াতুল ইসলামের মুহতামিম মুফতি মুতিউর রহমান এবং ফাউন্ডেশনের পরিদর্শক সাংবাদিক আতিকুর রহমান নগরী।
নাসীহা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মুফতি শাইখ হাবিব নূহ বলেন, “উদহিয়া ইনিশিয়েটিভের মূল উদ্দেশ্য হলো ঈদুল আযহার আনন্দময় দিনে অভাবীদের পাশে দাঁড়ানো। নাসীহার প্রধান অঙ্গীকার শিক্ষা ও দাওয়াহ, তবে মানবকল্যাণের প্রতিটি ক্ষেত্রেই আমরা কাজ করে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, নাসীহার বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরাও নিজস্ব উদ্যোগে কুরবানি প্রজেক্ট পরিচালনা করে মানবসেবায় যুক্ত হয়েছেন—যেমন রোড টু জান্নাহ–এর শিক্ষার্থীরা। এতে নাসীহার কার্যক্রম আরও সমৃদ্ধ হয়েছে।”