আজ বৃহস্পতিবার, ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

বাসের ভাড়া বাড়লো কিলো প্রতি ১১ পয়সা

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত এপ্রিল ২৩, ২০২৬, ০৫:০১ অপরাহ্ণ
বাসের ভাড়া বাড়লো কিলো প্রতি ১১ পয়সা

জ্বালানি তেলের দাম বাড়ার পরিপ্রেক্ষিতে বাসের ভাড়া প্রতি কিলোমিটারে বেড়েছে ১১ পয়সা। ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৪২ পয়সা থেকে বেড়ে হয়েছে ২ টাকা ৫৩ পয়সা। এক্ষেত্রে ভাড়া বেড়েছে ৪.৪৫ শতাংশ।

অন্যদিকে দূরপাল্লার পথে বাসভাড়া কিলোমিটারে ২ টাকা ১২ পয়সা থেকে বেড়ে হয়েছে ২ টাকা ২৩ পয়সা। এক্ষেত্রে ৫.১৯ শতাংশ বেড়েছে ভাড়া।

আর ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) এলাকায় কিলোমিটারপ্রতি বাসভাড়া ২ টাকা ৩২ পয়সা আছে। সেটা ১১ পয়সা বেড়ে হয়েছে ২ টাকা ৪৩ পয়সা, যেটা ৪.৭৪ শতাংশ বেড়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সচিবালয়ে বাস ও মিনিবাসের ভাড়া বাড়ানোর ঘোষণা দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। এর আগে ২০ মিনিটের মতো পরিবহন মালিকদের সঙ্গে বৈঠক করেন মন্ত্রী।

বৃহস্পতিবারই নতুন ভাড়া নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি হবে। আজ থেকেই নতুন ভাড়া কার্যকর হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

স্থানভেদে বাস ও মিনিবাসের সর্বনিম্ন ভাড়া ৮ ও ১০ টাকাই বহাল আছে বলেও জানিয়েছেন শেখ রবিউল আলম। তিনি আরও জানান, বাস ছাড়াও ডিজেলচালিত ট্রাক এবং অন্যান্য যানবাহনের ক্ষেত্রে এই ভাড়া প্রযোজ্য হবে।

গত ১৮ এপ্রিল জ্বালানি তেলের দাম বাড়ানোর ঘোষণা দেয় সরকার। প্রতি লিটার ডিজেল ১৫ টাকা, অকটেন ২০ টাকা, পেট্রোল ১৯ টাকা ও কেরোসিনের দাম ১৮ টাকা বাড়ে। জ্বালানি তেলের নতুন দাম ১৯ এপ্রিল মধ্যরাত থেকে কার্যকর হয়।

এরপরই গণপরিবহনের ভাড়া বাড়াতে তৎপর হয়ে ওঠেন মালিক ও শ্রমিকরা। জ্বালানি তেলের দাম বাড়ার প্রেক্ষাপটে এর আগে ২০২২ সালে বাস ভাড়া বাড়ানো হয়েছিল।

সড়ক পরিবহন মন্ত্রী বলেন, আমরা এ ভাড়া নির্ধারণ করেছি শুধু ডিজেলচালিত বাসের জন্য। সিএনজিচালিত বাসের ভাড়া এখানে বিবেচনায় আসেনি।

তিনি বলেন, ‘এই সিদ্ধান্তের ব্যত্যয় যদি বাসমালিকরা করতে চেষ্টা করে, ডেফিনেটলি বাসমালিকদের বিরুদ্ধে শক্ত অবস্থান এবং শক্ত ব্যবস্থা নেওয়া হবে। বিআরটিএর নির্ধারণ করা এবং আমরা আলোচনা করে যে সিদ্ধান্তে উপনীত হয়েছি, বাসমালিকরা অঙ্গীকার করেছে তারা এই সিদ্ধান্ত যে কোনো মূল্যে মানবে এবং অনুসরণ করবে। যেহেতু তারা অঙ্গীকার করেছে, এর ব্যত্যয় না হওয়া পর্যন্ত আমাকে এ বিষয়ে প্রশ্ন না করার রিকোয়েস্ট করবো।’

রবিউল আলম আরও বলেন, ‘প্রতি লিটার ডিজেলের দাম ১৫ টাকা বাড়ানো হয়েছে। যার ফলে পরিবহন সেক্টরে ভাড়া বাড়ানোর একটা দাবি উত্থাপিত হয়েছে এবং সেটাকে নিয়ে আমরা আলোচনা করেছি। আমরা এটাকে সমন্বয় করতে চেয়েছি মাত্র, ভাড়া বৃদ্ধি হিসেবে এটাকে দেখতে চাচ্ছি না।’

তিনি বলেন, ‘জনস্বার্থ বিবেচনা করে আমরা সরকার সিদ্ধান্ত নিতে সক্ষম হয়েছি যে পার কিলোমিটার ঢাকা এবং চট্টগ্রাম মহানগরে ১১ পয়সা বাড়বে। আন্তঃজেলা যেখানে ৫২ সিটের গাড়ি আছে সেখানেও পার কিলোমিটার ১১ পয়সা বাড়বে। আর ডিটিসিএ (ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ) একটা এরিয়া আছে আপনারা জানেন এবং মিনিবাস, সেখানেও পার কিলোমিটার ১১ পয়সা বাড়ানোর বা একটা সমন্বয় করার সিদ্ধান্ত আমরা নিয়েছি।’

শেখ রবিউল আলম বলেন, ‘আমাদের আগেই একটা ফর্মুলা আছে যে তেলের দাম বাড়ার সাথে সাথে কতটুকু সমন্বয় হবে ভাড়া, তার একটা ফরম্যাট আছে। তো তাতে যেহেতু ১৫ টাকা বেড়েছে, তো সেখানে পরিবহন মালিক সমিতির দাবি ছিল প্রায় ২৮ পয়সার মতো (বাড়ানো)। তারা সেখানে ডলারের দাম বাড়ার ফলে তাদের যে পার্টসগুলি ইমপোর্ট করতে হয়, বাস ইমপোর্ট করতে হয় সেখানে আগের চেয়ে অনেক বেশি ইনভেস্ট হচ্ছে, ব্যয় বাড়ছে, মেইনটেনেন্স ব্যয় বাড়ছে সেটাও তারা এখানে যুক্ত করতে চেয়েছে।’

সড়ক পরিবহন মন্ত্রী বলেন, ‘পরবর্তীতে এসে ক্যাবসহ অন্যদের পরামর্শক্রমে এসে এটা ২২ পয়সাতে এসে ঠেকে। আমরা সর্বশেষ গতকাল এবং আজ দুই দিন সবার সাথে মিটিং করেছি।’

তিনি বলেন, ‘আপনাদের এও জানিয়ে রাখি যে এই সমন্বয়টা শুধু এবার বৃদ্ধির ক্ষেত্রে না, তেলের দাম পুনরায় কমলে আবার এই একই প্রক্রিয়ায় ভাড়া কমবে। আবার তেলের দাম যদি বাড়ে কোনো কারণে তাহলে একই প্রক্রিয়ায় ভাড়া সমন্বয় হবে। অর্থাৎ এই সমন্বয়টা একটা চলমান প্রক্রিয়া থাকবে। এর জন্য নতুন করে আর মিটিং করে সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হবে না বিধায় আমরা মনে করেছি।’

বাসমালিকদের অন্যান্য বেশ কিছু দাবি থাকলেও সরকার এই মুহূর্তে তার বিবেচনায় নিচ্ছে না জানিয়ে মন্ত্রী বলেন, আশা করছি যতটুকু সমন্বয় করা এখানে হয়েছে সেটা এই পরিস্থিতিতে যেহেতু জ্বালানির দাম বেড়েছে, আমরা এতটুকুই সমন্বয় করতে সক্ষম হলাম।

ভাড়া বৃদ্ধির বিষয়টি কীভাবে মনিটরিং হবে জানতে চাইলে মন্ত্রী বলেন, মনিটরিং আমাদের আগেও আছে। এটা প্রজ্ঞাপন জারি করে নির্ধারণ করে দেওয়া হবে।

রেলের ভাড়া বাড়ানোর বিষয়ে কোনো সিদ্ধান্ত আসছে কি না, জানতে চাইলে রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম বলেন, ‘না, রেলের ভাড়ার ব্যাপারে, বাড়ানোর ব্যাপারে এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি। আমরা এখনো পর্যন্ত সেটাকে বিবেচনায় নিচ্ছি না। নৌ-এরটাও এখনো পর্যন্ত আমাদের বিবেচনায় আসেনি।’

এসি বাসের ভাড়া নির্ধারণের বিষয়ে সড়ক পরিবহন মন্ত্রী বলেন, এসি বাসের ভাড়ার ব্যাপারে আমরা আলোচনা চলছে। এটা দ্রুততম সময়ের মধ্যে নির্ধারণ করা হবে। এসির ব্যাপারে আপনারা জানেন এসি বাসের ব্যাপারে সেবার মানের মধ্যে তারতম্য আছে, সুযোগ-সুবিধায় তারতম্য আছে। এটা আমরা দুটি বা তিনটি স্ল্যাবে এনে ভাড়া নির্ধারণ করবো এবং অত্যন্ত দ্রুততম সময়ের মধ্যে পাবেন।

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০