আজ রবিবার, ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

বালাগঞ্জে ধান কাটার সময় বজ্রপাতে দিনমজুরের মৃত্যু

এম এ কাদির, বালাগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত এপ্রিল ১৯, ২০২৬, ০৬:১০ অপরাহ্ণ
বালাগঞ্জে ধান কাটার সময় বজ্রপাতে দিনমজুরের মৃত্যু

বালাগঞ্জ উপজেলায় বোরো ধান কাটার সময় বজ্রপাতে মুন্না রবি দাস (৫৫) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। রবিবার (১৯ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার পূর্বগৌরীপুর ইউনিয়নের মৈশাসী গ্রাম সংলগ্ন মাইজআইল হাওরে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত মুন্না রবি দাস মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের নমৌজা গ্রামের একটি চা বাগানের বাসিন্দা বলে জানা গেছে।

 

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মুন্না রবি দাস মৈশাসী গ্রামের বাসিন্দা আখলু মিয়ার জমিতে দিনমজুর হিসেবে ধান কাটার কাজ করছিলেন। রবিবার সকাল ৯টার দিকে হঠাৎ বৃষ্টি শুরু হলে তিনি কাজ বন্ধ করে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। পথে বজ্রপাতের শিকার হয়ে তিনি সড়কের ওপর লুটিয়ে পড়েন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

এ বিষয়ে বালাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজ ইমতিয়াজ ভুঁইয়া জানান, বজ্রপাতে নিহতের বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে থানায় জানানো হয়নি। তবে স্থানীয়ভাবে বিষয়টি তিনি অবগত হয়েছেন।

নিহত ব্যক্তির মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০