প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেট সফরে আসছেন ২ মে, শনিবার। এদিন তিনি পিতা শহীদ জিয়ার স্মৃতিবিজড়িত বাসিয়া নদীর পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করবেন।
রোববার দুপুরে প্রধানমন্ত্রীর সিলেট সফর উপলক্ষ্যে সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় এ তথ্য জানান জেলা প্রশাসক মো. সারওয়ার আলম।
সভায় প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক জানান, ২ মে প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেট সফর করবেন। সফরের অংশ হিসেবে তিনি শহীদ জিয়ার স্মৃতিবিজড়িত বাসিয়া নদীর পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করবেন, যা পূর্বে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুরু করেছিলেন। এছাড়া তিনি সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস” এবং সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উদ্বোধন করবেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার বিষয়ে সভায় আলোচনা করা হয়। একই সঙ্গে বিভিন্ন সরকারি দপ্তরের ভবন সুসজ্জিতকরণ, রাস্তাঘাট মেরামত, নগর ভবনের পরিচ্ছন্নতা বৃদ্ধি এবং সড়কের পাশের গাছপালার সৌন্দর্যবর্ধনের উদ্যোগ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া জেলা স্টেডিয়ামে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হবে এবং প্রতিটি খেলার জন্য পৃথক টিম গঠন করা হবে।
সভায় উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক সাঈদা পারভীন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. মামুন খান, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধিবৃন্দ এবং গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।