আজ ,

সিলেটে সিআইডি কর্মকর্তাকে ছুরি মারা সেই আসামী আটক

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত ডিসেম্বর ৯, ২০২৫, ০৪:৩৪ অপরাহ্ণ
সিলেটে সিআইডি কর্মকর্তাকে ছুরি মারা সেই আসামী আটক

সিলেট নগরীর সাগরদীঘিরপাড় এলাকায় সাইবার মামলার একটি পরোয়ানাভুক্ত আসামিকে ধরতে গিয়ে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) উপপরিদর্শক খোরশেদ আলম ছুরিকাঘাতে আহত হয়েছেন।

ঘটনার পরপরই পুলিশ ও সিআইডির একাধিক দল অভিযান চালিয়ে হামলাকারী সাইবার মামলার আসামীকে গ্রেফতার করেছে।

মঙ্গলবার নগরীর মিরাবাজার আগপাড়াস্থ সিআইডির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এর আগে সোমবার দিবাগত ৮ ডিসেম্বর রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। আহত খোরশেদ আলমকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

একই রাতে তার অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে বলে পুলিশ জানিয়েছে। পুলিশ বলছে, একটি সাইবার মামলার পরোয়ানা অনুসরণ করে সাদাপোশাকে অভিযান চালান সিআইডির সদস্যরা।

তাদের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট আসামি পালানোর চেষ্টা করেন। একপর্যায়ে তাকে আটক করতে এগিয়ে গেলে ওই ব্যক্তি সিআইডি কর্মকর্তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। বর্তমানে আহত কর্মকর্তা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পরপরই পুলিশ ও সিআইডির একাধিক দল অভিযান চালিয়ে হামলাকারী সাইবার মামলার আসামীকে গ্রেফতার করেছে।

বিষয়টি নিশ্চিত করে এসএমপির এডিসি মিডিয়া (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এ বিষয়ে থানায় মামলা নেওয়ার প্রক্রিয়া চলছে।

তিনি বলেন, এ ঘটনায় পুলিশ ও সিআইডির যৌথ অভিযানে হামলায় জড়িত প্রধান ব্যক্তিকে আটক করা হয়েছে।