হবিগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন দলটির কয়েকজন নেতা–কর্মী। বুধবার দুপুরে শহরের টাউন হল সড়ক এলাকায় ওই কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। তবে এর কিছুক্ষণ পরে কার্যালয়টির মূল ফটকে আগুন ধরিয়ে দেন একদল তরুণ ও যুবক। ওই সময় দলটির কোনো নেতা–কর্মী সেখানে ছিলেন না।
একাধিক প্রত্যক্ষদর্শী জানান, আজ বেলা সাড়ে ১১টার দিকে জেলা আওয়ামী লীগ কার্যালয়টির সামনে সদর ও পৌর আওয়ামী লীগের কয়েকজন নেতা–কর্মী আকস্মিকভাবে জড়ো হন। তাঁরা কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন এবং স্লোগান দেন। এরপর প্রায় ১০ মিনিট পর তাঁরা স্থান ত্যাগ করেন।
পতাকা উত্তোলনের সময় আওয়ামী লীগের স্থানীয় এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, সব ষড়যন্ত্র ও বাধা মোকাবিলা করে আওয়ামী লীগ অতীতের মতো ভবিষ্যতেও জনগণের পাশে থাকবে।
এদিকে বেলা দুইটার দিকে একদল তরুণ ও যুবক জেলা আওয়ামী লীগের কার্যালয়ে যান। একপর্যায়ে তাঁরা মূল ফটকে আগুন ধরিয়ে দেন। এতে তেমন ক্ষতি হয়নি। তবে প্রায় দেড় বছর ধরে পড়ে থাকা ধ্বংসস্তূপে আগুন দেখে বাসিন্দাদের মধ্যে আতঙ্ক দেখা দেয়।
নাম প্রকাশ না করার শর্তে জেলা আওয়ামী লীগের এক নেতা বলেন, তাঁরা চলে আসার পর শুনতে পান, কে বা কারা অফিসটিতে আগুন দিয়েছে। পরে আগুন নিজে থেকেই নিভে যায়।
এর আগে ২০২৪ সালের আগস্ট মাসে আন্দোলনের সময় বিক্ষুব্ধ ছাত্র–জনতা হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়টিতে কয়েক দফা আগুন দিয়েছিলেন।