আজ ,

শেখ হাসিনা ও আসাদুজ্জামানের মৃত্যুদণ্ড, সাবেক আইজিপি মামুনের ৫ বছরের কারাদণ্ড

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত নভেম্বর ১৭, ২০২৫, ০৩:১৩ অপরাহ্ণ
শেখ হাসিনা ও আসাদুজ্জামানের মৃত্যুদণ্ড, সাবেক আইজিপি মামুনের ৫ বছরের কারাদণ্ড

জুলাই গণ-অভ্যুত্থান চলাকালে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালেও মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন ট্রাইব্যুনাল। একই মামলায় সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনের পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

শেখ হাসিনার মৃত্যুদণ্ড:
মানবতাবিরোধী মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১ এ এই রায় পড়ে শোনান বিচারকেরা।

আশুলিয়া ও চাংখারপুলের হত্যাকাণ্ডে শেখ হাসিনার মৃত্যুদণ্ড, আরেক অভিযোগে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল।

জুলাই গণ–অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করা হয়েছে। খুব শিগগিরই তাঁর সাজা ঘোষণা করা হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১ আজ সোমবার তাঁকে দোষী সাব্যস্ত করেন।

শেখ হাসিনা বর্তমানে ভারতে স্বেচ্ছা নির্বাসনে আছেন। এ কারণে তাঁর অনুপস্থিতিতেই পুরো বিচারপ্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

এই মামলার এখনো পড়া চলছে।

ধানমন্ডি ৩২-এ লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের সরিয়ে দিল পুলিশ:

রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে এক্সকাভেটর নিয়ে প্রবেশের চেষ্টাকালে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা বিক্ষোভকারীদের লাঠিচার্জ করে সরিয়ে দিয়েছে। এ সময় পুলিশ ও সেনাবাহিনীকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে বিক্ষোভকারীরা।

পরে ৩২ নম্বরের মিরপুর সড়কের একপাশ বন্ধ করে দিয়ে, নিউ মডেল কলেজের এক পাশ দিয়ে গাড়ি চলাচল করার জন্য ডাইভারশন করে দিয়েছে পুলিশ।

শেখ হাসিনার ফাঁসির দাবিতে হাইকোর্টের সামনে তিন সংগঠন:
হাইকোর্টের গেটের সামনে সমাবেশ করছে জনজোট বিপ্লবী মঞ্চ, মঞ্চ২৪ ও গণঅধিকার পরিষদ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণ-অভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ অন্য আসামিদের ফাঁসির দাবি জানিয়েছেন তাঁরা।

ধানমন্ডি ৩২ নম্বরে দুটি এক্সকেভেটর, আগুন জ্বালিয়ে বিক্ষোভ:
ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ির প্রবেশপথে দুটি এক্সকেভেটর নিয়ে অবস্থান নিয়েছে জুলাই-মঞ্চ নামে একটি সংগঠনের কর্মীরা। বিক্ষোভকারীরা পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করছেন। ঘটনাস্থলে সেনাসদস্যরা এসেছেন। ১টার দিকে ৩২ নম্বরের প্রবেশমুখে আগুন দিয়েছে বিক্ষোভকারীরা।

রায় পড়া শুরু:
জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে করা মামলার রায় পড়তে শুরু করেছেন ট্রাইব্যুনাল। গণ-অভ্যুত্থানের ঘটনায় দায়ের হওয়া মামলাগুলোর মধ্যে এটিই প্রথম, যার রায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ থেকে ঘোষণা করা হচ্ছে।

রায় ঘোষণার কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হচ্ছে। বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই গুরুত্বপূর্ণ রায় ঘোষণা করছেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।